ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭, ২৩ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামের সড়কটির নামফলক গত ২২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের প্রস্তাব অনুমোদন করে। গত ২৩ সেপ্টেম্বর কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন।

সোমবার (২৩ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিকাগোর স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় বৃষ্টির মধ্যে আয়োজিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, উদ্যোগটির উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।

এ ছাড়া বাংলাদেশি কমিউনিটির নেতাদের মধ্যে শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ ও ডা. মনজুরুল হক উপস্থিত ছিলেন।

সড়কটির পাশেই রয়েছে শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট ভবনটির কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি বিশ্বজুড়ে এফ আর খান নামে পরিচিত। একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত এই টাওয়ারের পাশেই এখন রয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়কের নামফলক।

প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিকাগোর বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় সড়কটির নামকরণের কার্যক্রম পরিচালিত হয়।

নামকরণের প্রস্তাবে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদানের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, তিনি বাংলাদেশের জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর জনপ্রিয়তাও প্রস্তাবে তুলে ধরা হয়েছে।

এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার বিষয়টিও নামকরণের প্রস্তাবে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে শিকাগোর আরেকটি সড়কের নামকরণ করা হয় ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!