ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিষিদ্ধ আওয়ামী লীগ একটি টেররিস্ট রাজনৈতিক দল: নাটোরে হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২০, ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ আওয়ামী লীগ একটি টেররিস্ট রাজনৈতিক দল: নাটোরে হুইপ দুলু
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ একটি টেররিস্ট (সন্ত্রাসী) রাজনৈতিক দল। তারা সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের রাজনীতি করে। মানুষের বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা করে। এ ধরনের কর্মকাণ্ড কোনো রাজনৈতিক দলের হতে পারে না।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে নাটোর সদর ও নলডাঙ্গা নির্বাচনী এলাকার জনগণের আয়োজনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, বিএনপি ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় আবারও রাস্তায় নামতে হয়েছে। অথচ গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য দেশের মানুষ ১৮ থেকে ২০ বছর সংগ্রাম করেছে। গত ১২ ফেব্রুয়ারি দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সরকার গঠনের পর এখনও প্রায় সাড়ে চার বছর সময় বাকি থাকতেই আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে নামতে হয়েছে।

তিনি আরও বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ নাটোরসহ সারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। সন্ত্রাস, অগ্নিসংযোগ, মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়া কিংবা মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি বিএনপি করে না। তারেক রহমান কিংবা খালেদা জিয়াও কখনো এ ধরনের রাজনীতিতে বিশ্বাস করেন না।

তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে দুলু বলেন, ৫ আগস্টের আগের ঘটনাগুলো ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে চেয়েছিলেন তারেক রহমান। কিন্তু আওয়ামী লীগ সেই পুরোনো পরিস্থিতি আবারও ফিরিয়ে আনতে চায়।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, সরকার ও বিরোধী দলের মধ্যে মতভেদ থাকতে পারে। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মতপার্থক্য নেই। জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দল যেভাবে ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরাতে জনগণের সঙ্গে ছিল, একইভাবে আগামী ডিসেম্বর বিজয়ের মাসজুড়ে নাটোরের জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দেন তিনি।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে, একই দাবিতে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

ডেইলি-বাংলাদেশ/নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!