ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

[ কৃষি ও প্রকৃতি ]
বিশ্ব স্বীকৃত সেরা জাতের ছাগল

বাংলার কালো মানিক-ব্ল্যাক বেঙ্গল

এস এম মুকুল
প্রকাশিত: ১২:১০, ৯ নভেম্বর ২০২৬
বাংলার কালো মানিক-ব্ল্যাক বেঙ্গল
বাংলাদেশকে বলা হয়ে থাকে বিশ্বের তৃতীয় বৃহত্তম ছাগলের ভান্ডার। প্রতিবছর এদেশ এ জাতীয় ছাগল থেকে প্রায় সোয়া লাখ টন মাংস পেয়ে থাকে। যা মোট মাংসের প্রায় ২৫ শতাংশ

ছাগল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ চতুর্থ এবং ছাগলের মাংস উৎপাদনে পঞ্চম। বিশ্ববাজারে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া ‘কুষ্টিয়া  গ্রেড’ হিসেবে পরিচিত। একক প্রাণী পালনের ক্ষেত্রে ব্ল্যাক বেঙ্গল রেকর্ড সৃষ্টি করেছে।

বিশ্বের হাতে গোনা যে চার থেকে পাঁচটি ছাগলের জাতের এখনো সংকরায়ণ হয়নি তার অন্যতম জাতটি হলো ব্ল্যাক বেঙ্গল। বলাবাহুল্য, এই জাতটির নিজস্বতা বজায় রেখে টিকিয়ে রেখেছে গ্রামের সাধারণ মানুষ। 

ছাগল পালন বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর আয়ের অন্যতম প্রধান উৎস।  দেশের প্রায় সব জেলাতেই কমবেশি ছাগল পালিত হয়। তবে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুর জেলায় ব্ল্যাক বেঙ্গল পালনের সাফল্যে উজ্জীবিত হচ্ছেন আশপাশের অন্যান্য এলাকার জনগণ। 

গবেষণা তথ্য অনুযায়ী, বাংলাদেশের এই ছাগলের নবজাতকের মৃত্যুহার কম। আর এরা বছরে দুবারে কমপক্ষে চারটি বাচ্চা দেয়। অন্য জাতগুলোর তুলনায় এই জাতের ছাগলের সংখ্যা সবচেয়ে দ্রুত বাড়ছে। এই ছাগল পালনে বড় চারণভূমির প্রয়োজন নেই।  

ব্ল্যাক বেঙ্গল ছাগলের ঐতিহ্য ফিরিয়ে আনতে দেশের প্রতিটি জেলায় একটি করে  খামার স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য, প্রাণিসম্পদ ও ...

বিশ্বের অন্যতম সেরা জাত 
জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা এফএও এবং আন্তর্জাতিক আণবিক গবেষণা কেন্দ্রের (আইএইএ) সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী, ব্ল্যাক বেঙ্গল ছাগল বিশ্বের অন্যতম সেরা জাত। বাংলাদেশের নিজস্ব এই জাতটির জিনগত বৈশিষ্ট্য এবং ডিএনএ পরীক্ষা করে দীর্ঘ ৯ বছর গবেষণা করেছে জাতিসংঘের আণবিক শক্তিবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। 

২০০৭ সালে প্রকাশিত প্রতিবেদনে সংস্থা দুটি বিশ্বের ১০০টি জাতের ছাগলের ওপরে গবেষণা করে ব্ল্যাক বেঙ্গলকে অন্যতম সেরা জাত হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। ২০০৭ সালের ২০ মার্চ জাতিসংঘের সংবাদ সংস্থা ইউএন নিউজ-এ ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গলের সুনাম। 

সেই প্রতিবেদনে বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয় ‘বাংলাদেশ বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। কিন্তু এখানেই রয়েছে বিশ্বের অন্যতম সেরা প্রাণিসম্পদ ব্ল্যাক বেঙ্গল ছাগলের বসতি।’  সেবছরই আইএইএর ওয়েবসাইটে ব্ল্যাক বেঙ্গল ছাগলকে বিশ্বসেরা হিসেবে উল্লেখ করা হয়। 

যদিও বাংলাদেশের সেই দারিদ্রাবস্থা এখন আর নেই। তবে বিশ্বসেরা এই জাতের উৎপাদন ও গবেষণায় উত্তরোত্তর সফলতা অর্জন করছে বাংলাদেশ। তবে এফএওর গবেষণায় বলা হয়েছে, ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুর্বল দিকটি হলো দৈর্ঘ্য-প্রস্থ-ওজন এবং দুধের পরিমাণ অন্যান্য ছাগলের চেয়ে কম। কেননা আফ্রিকার মাসাই, ভারতের যমুনা পাড়ি এবং চীনা জাতের ছাগলের মাংস ও দুধের পরিমাণ ব্ল্যাক বেঙ্গলের চেয়ে ৪০ থেকে ৬০ শতাংশ বেশি।

তবে ওই তিন জাতের ছাগলের ২০ থেকে ৩৫ শতাংশ বাচ্চা জন্মের পরই মারা যায়। অপরপক্ষে ব্ল্যাক বেঙ্গলের বাচ্চার মৃত্যুর হার ৫ থেকে ১০ শতাংশ। এ কারণেই বিজ্ঞানীরা সামগ্রিক উৎপাদনশীলতার বিচারে ব্ল্যাক বেঙ্গলকে সেরা জাত হিসেবে নির্বাচন করেছেন। 

আরো আশার খবরটি হলো- ২০২৪ সালে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে ঐতিহ্যবাহী ব্ল্যাক বেঙ্গল ছাগল। এই স্বীকৃতির ফলে ব্ল্যাক বেঙ্গল ছাগল শুধুই বাংলাদেশের। 

ব্ল্যাক বেঙ্গল ছাগল কি বিলুপ্তির পথে, কীভাবে রক্ষা করা যায় এ জাত?
 

বাড়ছে খামারভিত্তিক ছাগল পালন  
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় ২০০৮ সালে মাচায় ছাগল পালনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং ছাগলের মৃত্যুহার কমানোর জন্য ‘লিফট’ নামে একটি প্রকল্প নেওয়া হয়। প্রতিষ্ঠানটির আর্থিক ও কারিগরি সহায়তায় দেশের ১৮ জেলায় প্রতিষ্ঠিত হয়েছে ২১টি ব্রিডিং ফার্ম। ব্ল্যাক বেঙ্গল ছাগল কিভাবে লালন-পালন করতে হয়, পিকেএসএফ তাদের সহযোগী সংস্থার মাধ্যমে তা শিখিয়ে দিচ্ছে কৃষকদের। 

ইতোমধ্যে ছাগলের মৃত্যুহার চুয়াডাঙ্গা জেলায় ২০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে আনা সম্ভব হয়েছে। চুয়াডাঙ্গা জেলয় ছাগলের সংখ্যা বেড়েছে ৩০ শতাংশ এবং সারা দেশে উপজেলা প্রতি ছাগলের সংখ্যা গড়ে ১৭১ শতাংশ বেড়েছে। 

জানাগেছে, প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে ছাগল পালন বাড়াতে নিরলসভাবে কাজ করছে। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় তরুণরা গড়ে তুলছে ব্ল্যাক বেঙ্গলের খামার। সফলতা পাওয়ায় ব্ল্যাক বেঙ্গলের খামারের প্রতি আগ্রহ বাড়ছে আশাব্যঞ্জক হারে। 

প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে, সারা দেশে এখন দুই কোটি ৬০ লাখের অধিক ছাগল আছে যার ৮০ থেকে ৯০ শতাংশই ব্ল্যাক বেঙ্গল জাতের। আশার খবরটি হচ্ছে, প্রতিবছরই ব্ল্যাক বেঙ্গলের সংখ্যা বাড়ছে। গ্রামীণ পর্যায়ে এই ছাগল পালনের সঙ্গে যুক্ত রয়েছেন এক কোটি মানুষ। একক কোনো প্রাণী পালনের ক্ষেত্রে এটা একটা রেকর্ড।

লাভজনক পদ্ধতিতে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করবেন যেভাবে

যেসব কারণে ব্ল্যাক বেঙ্গল বিশ্বসেরা ও অনন্য
১। ব্ল্যাক বেঙ্গল ছাগলের দেহ সাধারণত খাটো, যার উচ্চতা ১৬-২০ ইঞ্চি হয়ে থাকে।

২। এদের দেহ কুচকুচে কালো লোম দ্বারা আবৃত, তবে খয়েরী, সাদা বা এদের মিশ্রিত রঙের ছাগলও দেখা যায়।

৩। এদের কান ছোট, খাড়া ও ভূমির সমান্তরাল।

৪। এদের শিং ছোট, খাড়া ও কালো রঙের হয়।

৫। ব্ল্যাক বেঙ্গল ছাগলের গড় দৈহিক ওজন ২০-৩০ কেজি হয়ে থাকে। পাঠার ওজন ২৫-৪০ কেজি এবং ছাগীর ওজন ১৫-২৫ কেজি।

৬। ব্ল্যাক বেঙ্গল ছাগলের শারীরিক বৃদ্ধি খুব দ্রুত ঘটে। ৭-৮ মাস বয়সেই এরা বয়ঃপ্রাপ্ত হয় এবং ১৩-১৪ মাস বয়সে প্রথম বাচ্চা দেয়।

৭। এ জাতের ছাগল প্রতিবার ২-৪টি বাচ্চা জন্ম দেয়।

৮। ব্ল্যাক বেঙ্গল ছাগীর ওলান ছোট হয়।

৯। ল্যাকটেশন পিরিয়ডে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগী গড়ে প্রতিদিন ৪০০-৫০০ মি.লি. দুধ দেয়।

১০। ব্ল্যাক বেঙ্গল খাসির মাংস অত্যন্ত সুস্বাদু হয়। একটি ২০ কেজি ওজনের খাসি থেকে গড়ে ১২ কেজি ভক্ষণযোগ্য মাংস পাওয়া যায়।

১১। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের চামড়া অতি উন্নত মানের হওয়ায় বিশ্বব্যাপী এর কদর রয়েছে।

১২। একটি ২০ কেজি ওজনের ছাগল থেকে গড়ে ১.২-১.৪ কেজি চামড়া পাওয়া যায়।

১৩। ছাগলের দুধ খুবই পুষ্টিকর এবং এটি অ্যালার্জির উপসর্গ উপশমকারী হিসেবে পরিচিত।

১৪। ব্ল্যাক বেঙ্গলের গোশত সুস্বাদু ও চামড়া আন্তর্জাতিকভাবে উন্নতমানের বলে স্বীকৃত।

১৫। এই জাতের ছাগল অধিক বাচ্চা উৎপাদন ক্ষমতাসম্পন্ন এবং দেশীয় জলবায়ুতে বিশেষভাবে উৎপাদন উপযোগী।

১৬। এদের দ্রুত বংশবৃদ্ধি ঘটে বলে অল্প সময়েই সুফল পাওয়া যায়।

১৭। এদের গড় ওজন ১৫-২০ কেজি হলেও, কখনও কখনও ৩০-৩২ কেজি পর্যন্ত হয়। দৈনিক ওজন বৃদ্ধির হার দৈনিক ২০-৪০ গ্রাম।

১৮। পৃথিবীতে এই মুহূর্তে প্রাকৃতিক এবং কৃত্রিম উপায়ে মডিফায়েড জাতসহ প্রায় ৩০০’র মতো ছাগল আছে। এর মধ্যে ব্ল্যাক বেঙ্গল গোটকে অন্যতম সেরা জাত বলা হয়।

১৯। এই ছাগলের গায়ের রং মূলত কুচকুচে কালো।

২০। মাংস এবং চামড়ার গুণগত মানের জন্য এই জাতের ছাগলকে উৎকৃষ্ট মানের বলা হয়। এছাড়া এটি পালন করা সহজ এবং বড় কোনো জায়গার দরকার হয় না।

২১। সংখ্যার দিক থেকে ছাগল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং ছাগলের মাংস উৎপাদনে পঞ্চম।

২২। এ জাতের ছাগলের মৃত্যুহার অনেক কম, এবং ছাগলের বাচ্চার মৃত্যুহারও কম, যেটি এই জাতের ছাগলের সংখ্যা বৃদ্ধি ও জনপ্রিয়তার আরেকটি বড় কারণ।

২৩। বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে প্রতি বছর গড়ে ২ কোটি ২০ লাখ ছাগল উৎপাদন হয়, যার ৯৫ শতাংশই ব্ল্যাক বেঙ্গল।

২৪। ব্ল্যাক বেঙ্গল বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার এবং ওড়িশা অঞ্চলের পাওয়া ছাগলের একটি জাত।

২৫। আফ্রিকার মাসাই ছাগল, ভারতের যমুনাপাড়ি ছাগল এবং চীনা জাতের ছাগল ব্ল্যাক বেঙ্গলের তুলনায় বেশি পরিমাণে দুধ ও মাংস উৎপাদন করতে পারলেও (৪০-৬০% বেশি) ২০-৩৫ শতাংশ ছাগল জন্মের সময় মারা যায়, যেখানে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মৃত্যুর হার মাত্র ৫-১০ শতাংশ। এই কারণে বিজ্ঞানীরা এই প্রজাতির ছাগলকে সামগ্রিক উৎপাদনশীলতার বিচারে সেরা হিসেবে নির্বাচিত করেন।

দিনবদলে ব্ল্যাক বেঙ্গল  
গ্রামাঞ্চলে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে ব্ল্যাক বেঙ্গল। অনুসন্ধানে বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থা থেকে প্রশিক্ষণ ও ঋণ দিয়ে এ জাতের ছাগল প্রতিপালনের জন্য উৎসাহিত করা হচ্ছেন গ্রামীণ নারীরা।  

গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান ও অন্যতম আয়বর্ধনমূলক কার্যক্রমের অংশ হিসেবে গ্রামীণ অর্থনীতিতে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন সহায়ক ভূমিকা রাখবে। অপর দিকে বাণিজ্যিকভাবেও ব্ল্যাক বেঙ্গল-এর খামার হতে পারে সবচেয়ে লাভজন উদ্যোগ। খাসির মাংস খেতে খুবই সুস্বাদু। ছাগলের লোম থেকে তৈরি হয় উন্নত মানের পশম। 

ব্ল্যাক বেঙ্গল জাতের এ ছাগল খুবই রোগ প্রতিরোধী এবং সহজে রোগবালাই হয় না। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গ্রামে গ্রামে মানুষ ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার গড়ে তুলেছেন। প্রায় সবার মুখেই এখন হাসির ঝিলিক। 

ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা উৎপাদনক্ষমতা অনেক বেশি এবং এ দেশের আবহাওয়া ও জলবায়ুতে এর উপযোগিতাও অনেক।  বাংলাদেশে ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ব্ল্যাক বেঙ্গলছাগল পালন ও উৎপাদন হয়।  

ভৌগোলিকভাবে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া ও বৃহত্তর যশোর জেলাকে ব্ল্যাক বেঙ্গল পালনে সবচেয়ে উপযোগী স্থান হিসেবে বিবেচনা করা হয়। লক্ষ্যনীয় বিষয়টি হলো-মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরসহ দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের কয়েকটি জেলায় এই জাতের ছাগল পালন বেশি হয়। 

ব্ল্যাক বেঙ্গল থেকে পাওয়া যায় উন্নত মানের চামড়া পৃথিবীর যে কোন জাতের ছাগলের চামড়া থেকে গুণগত মানসম্পন্ন। ইতোমধ্যে এই জাতের ছাগলের চামড়া বিশ্ব বাজারে কুষ্টিয়া গ্রেড হিসেবে খ্যাতি পেয়েছে।

ভূমিকা রাখছে কৃষি-অর্থনীতিতে
বাংলাদেশকে বলা হয়ে থাকে বিশ্বের তৃতীয় বৃহত্তম ছাগলের ভান্ডার। প্রতিবছর এদেশ এ জাতীয় ছাগল থেকে প্রায় সোয়া লাখ টন মাংস পেয়ে থাকে। যা মোট মাংসের প্রায় ২৫ শতাংশ। এই প্রজাতির ছাগল যেমন দ্রুত বংশ বৃদ্ধি করে তেমনি দ্রুত বড় হয়। 

বিশ্ববাজারে এর চাহিদা বেশি। এর চামড়া এত উন্নতমানের যে বিশ্বের বড় কোম্পানিগুলোর চামড়াজাত পণ্য তৈরিতে ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়া ব্যবহৃত হয়। এই জাতের খামারে তৃতীয় বছরেই ছাগল বিক্রিযোগ্য হয়। 

খামারিদের অনেকের মতে, ব্ল্যাক বেঙ্গল পালনে সরকার যদি যথাযথ মনোযোগ ও গুরুত্ব দেয় তবে দেশের সকল জেলার প্রতিটি গ্রামের মানুষ সহজেই খামার গড়ে তুলে স্বাভম্বনের সুযোগ গ্রহণ করবে। 

লেখক : কৃষি ও অর্থনীতি বিশ্লেষক

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!