শুক্রবার জুমার দিনের বিশেষ আমল ও অশেষ নেকি
শুক্রবার মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ দিন। ইসলামে এ দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলা হয়েছে। এ দিনে এমন কিছু আমল রয়েছে, যেগুলোর মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও অফুরন্ত সওয়াব অর্জন করা যায়। পবিত্র কোরআন ও হাদিসে শুক্রবারের বিশেষ গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে দিনগুলোতে সূর্য উদিত হয়, সেগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন।’ (সহিহ মুসলিম)
শুক্রবারের গুরুত্বপূর্ণ আমলগুলো হলো:
১. গোসল করে পবিত্রতা অর্জন
জুমার নামাজের আগে গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নত। রাসুলুল্লাহ (সা.) জুমার দিন গোসলের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। (সহিহ বুখারী)
২. আগেভাগে মসজিদে যাওয়া
জুমার নামাজ আদায়ের জন্য আগে মসজিদে যাওয়ার বিশেষ ফজিলত রয়েছে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন প্রথম সময়ে মসজিদে যায়, সে যেন একটি উট কোরবানি করল। পরবর্তী সময়ে গেলে গরু, তারপর ভেড়া, মুরগি ও ডিম দান করার সমান সওয়াব পায়। (সহিহ বুখারী ও সহিহ মুসলিম)
৩. বেশি বেশি দরুদ পাঠ
শুক্রবার রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা গুরুত্বপূর্ণ আমল।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন। এ দিন আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো।’ (সুনানে আবু দাউদ)
দরুদ:
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ
উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আ-লি মুহাম্মাদ।
৪. সূরা কাহফ তিলাওয়াত
শুক্রবার সূরা কাহফ পাঠের বিশেষ ফজিলত রয়েছে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ পাঠ করবে, তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় নূর আলোকিত করা হবে। (আল-মুস্তাদরাক, হাকেম; সুনানে বাইহাকি)
৫. বেশি বেশি দোয়া ও ইস্তিগফার
শুক্রবারে এমন একটি বিশেষ সময় রয়েছে, যখন বান্দা আল্লাহর কাছে যা চায়, আল্লাহ তাকে তা দান করেন।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে, কোনো মুসলমান ওই সময়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করেন। (সহিহ বুখারী ও সহিহ মুসলিম)
তাই এ দিন বেশি বেশি দোয়া, তওবা ও ইস্তিগফার করা উচিত।
ইস্তিগফার:
أَسْتَغْفِرُ اللَّهَ
উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ।
৬. জুমার নামাজ আদায়
জুমার নামাজ প্রাপ্তবয়স্ক, সুস্থ ও শরিয়তসম্মতভাবে দায়িত্বপ্রাপ্ত মুসলিম পুরুষের ওপর ফরজ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন:
‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে দ্রুত ধাবিত হও এবং বেচাকেনা বন্ধ করো।’ (সুরা জুমুআ, আয়াত ৯)
৭. মনোযোগ দিয়ে খুতবা শোনা
জুমার খুতবা চলাকালে কথা বলা, মোবাইল ব্যবহার কিংবা অন্য কাজে ব্যস্ত থাকা থেকে বিরত থাকতে হবে। মনোযোগ দিয়ে খুতবা শোনা জুমার গুরুত্বপূর্ণ আদব।
৮. বেশি বেশি নফল ইবাদত
শুক্রবারে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, তাসবিহ ও দান-সদকা করা যায়। এসব আমল আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম।
৯. আত্মীয়স্বজন ও প্রতিবেশীর খোঁজ নেওয়া
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, অসহায় মানুষকে সাহায্য করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া এবং প্রতিবেশীর খোঁজ নেওয়াও অত্যন্ত সওয়াবের কাজ। শুক্রবার এসব ভালো কাজের মাধ্যমে দিনটিকে আরও অর্থবহ করা যায়।