৬ বলে ৬ ছক্কা হাকাল বাংলাদেশ
হংকং সিক্সেস টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছে বাংলাদেশ। বোল সেমিফাইনালের লড়াইয়ে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার। শুধু তাই নয়, পরপর সাত বলে সাতটি ছক্কা হজম করতে হয়েছে দক্ষিণ আফ্রিকার বোলারদের। সব মিলিয়ে নির্ধারিত ইনিংসে ১২৯ রানের বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ।
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে জয়ের সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত এক উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট হাতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন হাবিবুর রহমান সোহান। অন্যদিকে প্রত্যাশিত গতি তুলতে পারেননি সাব্বির রহমান। ৬ বলে ৭ রান করে দলীয় ৫২ রানের মাথায় আউট হন তিনি। তবে সোহানের ঝোড়ো ব্যাটিংয়ে দ্রুত এগিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মাত্র ১৩ বলে অর্ধশতক পূর্ণ করে শেষ পর্যন্ত ৫৪ রান করেন এই ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার বোলার ব্ল্যাক সিম্পসনের করা চতুর্থ ওভারে ছক্কার বৃষ্টি নামান সোহান ও মৃত্যুঞ্জয় চৌধুরী। ওভারের প্রথম দুই বলে ছক্কা মেরে অর্ধশতক পূর্ণ করেন সোহান। এরপর নিয়ম অনুযায়ী অবসরে গেলে বাকি চার বলে টানা চারটি ছক্কা হাঁকান মৃত্যুঞ্জয়। তাতেই এক ওভারে আসে ছয়টি ছক্কা।
এরপর পঞ্চম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান বাংলাদেশের অধিনায়ক আবু হায়দার রনি। ফলে টানা সাত বলে সাতটি ছক্কা হজম করতে হয় দক্ষিণ আফ্রিকার বোলারদের।
ইনিংসের শেষ দিকে মৃত্যুঞ্জয় চৌধুরীর ৬ বলে ২৬ রানের ঝোড়ো ইনিংস বাংলাদেশের সংগ্রহ বাড়াতে বড় ভূমিকা রাখে। পরে আবার ব্যাটিংয়ে নামেন সোহান। অন্য প্রান্তে অধিনায়ক আবু হায়দার রনি ১০ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২৯ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।