ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ খেলা ]

শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৯, ২২ নভেম্বর ২০২৬
শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ৫ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে অস্ট্রেলিয়া। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ গড়ায় শেষ ওভারে। ২ বল থেকে ১ রান দরকার ছিল অজিদের।

জ্যাক এডওয়ার্ডসের দারুণ এক চারে জয়ের বন্দরে চলে যায় অস্ট্রেলিয়া। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। ম্যাচে দারুণ এক ফিফটি হাঁকিয়ে আগেই অজিদের জয়ের রাস্তা সুগম করে রেখেছিলেন নিখিল চৌধুরী, বল হাতেও নেন জোড়া উইকেট। ব্যাটে-বলে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কারটাও নিজের শোকেসে তুলেন নিখিল।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান ইংলিশ ওপেনার ফিল সল্ট। অ্যানেউরিন ডোনাল্ড টিকে ছিলেন। তিনে নেমে ধুমধাড়াক্কা ব্যাটিং চালিয়েছেন অধিনায়ক হ্যারি ব্রুক। ভালো শুরুর পরেও থেমেছেন ডোনাল্ড। ৭ বলে ১০ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

এরপর ব্রুকের সাথে যোগ দিয়েছেন টম ব্যান্টন। আগ্রাসী ব্যাটিংয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন দুজন। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৪ রান তোলে ইংল্যান্ড। ব্রুকের উইলোবাজি চলেছেই। সাথে দারুণভাবে সঙ্গ দিয়ে গেছেন ব্যান্টনও। ফিফটি ছুঁয়ে ফেলেন হ্যারি ব্রুক।

যদিও ফিফটির পরে বেশি একটা আগাতে পারেননি ব্রুক। ২৮ বলে ৬৫ রান করে সাজঘরে ফিরে গেছেন তিনি। ব্যান্টন থেমেছেন ফিফটির আগেই। ২২ বলে ৩৯ রান করে সাজঘরে ফিরে যান তিনি। এরপর কিছুটা কমে এসেছে ইংল্যান্ডের রানের গতি। ২০ বলে ২১ রান করেন স্যাম কারান। অন্যদিকে উইল জ্যাকস ৩ বলে ৩ রান করেছেন। ২০ বলে ২৭ রানের ক্যামিও খেলেন জর্ডান কক্স। শেষ দিকে ১৪ বলে ১৭ রান করেন লিয়াম ডওসন। দুইশ ছাড়ানোর সুযোগ থাকলেও দুইশরা আগেই থেমেছে ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রানের সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন নিখিল চৌধুরী এবং জ্যাক এডওয়ার্ডস। ১টি করে উইকেট তোলেন অ্যাডাম জাম্পা, জোয়েল ডেভিস, রাইলি মেরেডিথ এবং বেন ডোয়ারসুইশ। জবাব দিতে নেমে প্রথম ওভারেই ওপেনিং জুটি ভেঙেছে অস্ট্রেলিয়ার। দলের ৩ রানের মাথাতে ৩ বলে ১ রান করে সাজঘরে ফিরে গেছেন জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক। টিকে ছিলেন অধিনায়ক মিচেল মার্শ। তিনে নেমে স্যাম হার্পার যোগ দিয়েছেন। উইকেটের চারপাশে খেলেছেন দারুণ সব শট। আগ্রাসী ব্যাটিংয়ে দলের বোর্ডে রান তুলেছেন দুজন।

১৫ বলে ৩২ রান করে পাওয়ারপ্লের একদম শেষ বলে গিয়ে থেমেছেন হার্পার। জোড়া উইকেট হারিয়ে ৬ ওভারে ৫৩ রান তোলে অস্ট্রেলিয়া। চারে নেমে আসল খেল দেখিয়েছেন নিখিল চৌধুরী। মিচেল মার্শ থেমেছেন ফিফটির আগেই। ৩২ বলে ৩৭ রান করে বিদায় নেন তিনি। নিখিল এক প্রান্ত ধরে খেলে গেছেন। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে তুলে নেন ফিফটিও।

৩৮ বলে ৬৬ রান করে সাজঘরে ফিরে যান নিখিল চৌধুরী। ১৩ বলে ২০ রান করে টিম ডেভিডও ফিরে গেছেন। শেষ দিকে জয়ের ভালো সম্ভাবনা জাগায় ইংল্যান্ড। তবে সব সম্ভাবনাতে পানি ঢেলে দেন জ্যাক এডওয়ার্ডস। ১১ বলে ২৫ রানের ক্যামিওতে শেষের আগের বলে দারুণ এক চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন এডওয়ার্ডস। ১ বল হাতে রেখে ৩ উইকেটে জয়লাভ করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে ২ উইকেট নেন উইল জ্যাকস।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!