ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

সভাপতি জুয়েল ও সম্পাদক রানা
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ২১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি জুয়েল ও সাধারণ সম্পাদক রানা

কমিটি বিলুপ্তির ২০ দিন পর চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ১৪ সদস্যবিশিষ্ট আংশিক নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ।

 

ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে জুয়েল মাহমুদকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে কৌশিক আহমেদ রানাকে। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়।

 

ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে মো. সাইফুল ইসলামকে। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, মো. জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল।

 

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমান উল্লাহ আমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. আরাফাত হোসেনকে। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন শোয়ের তিতাস এবং প্রচার সম্পাদক হয়েছেন মো. রাশিদুল ইসলাম।

 

কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় আগামী ৩০ দিনের মধ্যে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা বলা হয়েছে।

 

এর আগে গত ১ নভেম্বর চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে কমিটি দুটি বিলুপ্ত করা হয়।

 

উল্লেখ্য, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আগের কমিটি ২০১৮ সালের ৫ জুন গঠন করা হয়েছিল। ওই কমিটিতে শাহজাহান খানকে সভাপতি এবং মোমিনুর রহমান মালিতাকে সাধারণ সম্পাদক করা হয়।

 

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে প্রায় তিন সপ্তাহের নেতৃত্বশূন্যতার অবসান ঘটল চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলে। এখন নির্ধারিত ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের অপেক্ষায় রয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!