ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ শিক্ষার্থীদের

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:১৮, ৬ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ শিক্ষার্থীদের
ছবি: সংগৃহীত

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে রাজধানীর আজিমপুর সড়কের দুই পাশ অবরোধ করে বিক্ষোভ করছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) শিক্ষার্থীরা। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে তারা এ কর্মসূচি পালন করছেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে অবরুদ্ধ অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে মুক্ত করতে গিয়ে পুলিশ তাদের ওপর লাঠিপেটা ও হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে অধ্যক্ষ ড. মেহেরুন্নেছাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে রাতে পুলিশের সহায়তায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের অনিয়ম ও স্বেচ্ছাচারিতা, আবাসিক হলের আসন বাতিলের হুমকি এবং অডিটোরিয়ামের বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করায় তারা ক্ষুব্ধ হন। এসব অভিযোগের প্রতিবাদে তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!