‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ
রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়িচালক কনস্টেবল মো. এনামুল আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ছাত্রলীগের একটি মোটরসাইকেল মিছিল থেকে আর্মি গলফ ক্লাবের সামনে থাকা পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির চালক পুলিশ সদস্য আহত হন।
ওসি বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের একাধিক সূত্র জানায়, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে এর মধ্য থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ক্যান্টনমেন্ট থানা পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। বিস্ফোরণে গাড়িচালক কনস্টেবল মো. এনামুলের বাম চোখে আঘাত লাগে।
পরে আহত এনামুলকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।