ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নীলগাইয়ের পালে নতুন প্রাণ, সাফারি পার্কে চার শাবক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৪, ৫ নভেম্বর ২০২৬
নীলগাইয়ের পালে নতুন প্রাণ, সাফারি পার্কে চার শাবক
নীলগাইয়ের পালে নতুন প্রাণ। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নীলগাইয়ের পালে যুক্ত হয়েছে নতুন চার শাবক। প্রায় দেড় মাস আগে পার্কের কোর সাফারির হরিণ বেষ্টনীতে মা নীলগাইয়ের সঙ্গে শাবকগুলোর দেখা মেলে। এরপর থেকে মায়ের নিবিড় তত্ত্বাবধানে বনের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে তারা। মানুষের উপস্থিতি টের পেলেই শাবকদের নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যায় মা নীলগাই। শাবকগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে বিশেষ নজরদারিও বাড়িয়েছে পার্ক কর্তৃপক্ষ। নতুন চার শাবক যুক্ত হওয়ায় পার্কে নীলগাইয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩টিতে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে পার্কের কোর সাফারিতে গিয়ে দেখা যায়, গাছের ছায়ায় সতর্ক অবস্থায় বিশ্রাম নিচ্ছে মা নীলগাই। কিছুটা দূরে বিচরণরত শাবকগুলোর দিকে তার তীক্ষ্ণ নজর। মানুষের উপস্থিতি বুঝতে পেরে শাবকদের নিয়ে দ্রুত বনের অন্য প্রান্তে সরে যায় প্রাণীটি।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, প্রায় দেড় মাস আগে হরিণ সাফারিতে নীলগাইয়ের সঙ্গে চারটি নতুন শাবককে বিচরণ করতে দেখা যায়। এরপর থেকেই তাদের বিশেষ যত্ন নেওয়া হচ্ছে। সার্বক্ষণিক দেখভালের জন্য একজন কর্মীকে দায়িত্ব দেওয়া হয়েছে। শাবকগুলোর বয়স আনুমানিক দেড় মাস। তবে নিরাপত্তার স্বার্থে কাছে গিয়ে পরীক্ষা না করায় এগুলো পুরুষ না মাদী, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, বিভিন্ন সময়ে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা নীলগাই সাফারি পার্কে আনা হয়েছে। পরে পার্কে কয়েকটি শাবকের জন্ম হয়। আগে পার্কে ১১টি নীলগাই ছিল। এর মধ্যে দুটি কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে। নতুন চার শাবকসহ বর্তমানে পার্কে নীলগাইয়ের সংখ্যা ১৩টি।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!