ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, আহত বিজিবি সদস্য

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৯, ২ নভেম্বর ২০২৬
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, আহত বিজিবি সদস্য
ছবি: ডেইলি বাংলাদেশ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকালে কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভের সময় ইটের আঘাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য আহত হয়েছেন। এদিকে দুপুরে গাজীপুরের নাওজোড় ফ্লাইওভারে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। শ্রমিক আন্দোলন ঘিরে জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোমবার (২ নভেম্বর) সকালে কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ চলাকালে বিজিবির ওই সদস্য আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

শ্রমিকদের আন্দোলন ও মহাসড়ক অবরোধ ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাজীপুরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

সোমবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠে কাজ করছেন।

জেলা প্রশাসক আরও বলেন, আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের যাতে ক্ষতি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পাশাপাশি অন্যান্য বাহিনীও প্রস্তুত রয়েছে।

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা কয়েক দিন ধরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। রোববার বিক্ষোভের একপর্যায়ে পুলিশ বক্স, কারখানার গুদাম ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!