জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষ: আরোহী নিহত, আহত ২; বিক্ষুব্ধ জনতার বাসে আগুন
জয়পুরহাটে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিফ হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।
বৃহস্পতিবার সকালে জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়ার বাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশিফ হোসেন জয়পুরহাট সদর উপজেলার হাতিগারা গ্রামের এমরান হোসেনের ছেলে। আহতরা হলেন— একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাঈম হোসেন (২২) এবং মফিজুল হোসেনের ছেলে জিহাদ হোসেন (২২)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে ‘জে আর পরিবহন’ নামের একটি বাস পাঁচবিবির দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আশিফ নিহত হন এবং অপর দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
দুর্ঘটনার পর পরই বাসের যাত্রী ও স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে সড়কে নেমে আসেন এবং বাসটিতে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করেন। এতে জয়পুরহাট-হিলি সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন এবং সড়ক থেকে যান চলাচল স্বাভাবিক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। পুলিশ নিহত ও আহতদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।