জর্ডানে আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় অংশ নিতে আবেদন শুরু
‘আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা জর্ডান-২০২৭’-এ বাংলাদেশের প্রতিনিধি নির্বাচনের জন্য বাছাই পরীক্ষার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। আগামী ১৯ নভেম্বর সকাল সাড়ে ৯টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রোববার (৯ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাজবিদসহ সম্পূর্ণ কোরআন তিলাওয়াত ও হিফজ বিভাগে পুরুষদের মধ্যে অনূর্ধ্ব ৩০ বছর বয়সীরা অংশ নিতে পারবেন। পাশাপাশি নারীদের জন্যও তাজবিদসহ সম্পূর্ণ কোরআন তিলাওয়াত ও হিফজ বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্র, হিফজের সনদের সত্যায়িত কপি এবং জীবনবৃত্তান্তসহ আবেদন করতে হবে।
আবেদন ফরম ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ অথবা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আবেদন আগামী ১৭ নভেম্বর বিকেল ৪টার মধ্যে সরাসরি অথবা কুরিয়ারযোগে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছাতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পুরুষ ও নারী উভয় বিভাগের ক্ষেত্রে আগে জর্ডানে অংশগ্রহণকারী বা বিজয়ীরা আবেদন করতে পারবেন না।

আবেদন ফি ৩০০ টাকা। রূপালী ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে ‘ইসলামিক ফাউন্ডেশন’-এর নামে চলতি হিসাব নম্বর ৫৫২০০২০০৫০০০৫-এ অথবা যেকোনো তফসিলি ব্যাংকের মাধ্যমে এ অর্থ জমা দিতে হবে। রূপালী ব্যাংকের ক্ষেত্রে শাখা হিসেবে রোকেয়া সরণির নাম উল্লেখ করা হয়েছে।
আবেদন ফি অফেরতযোগ্য। ব্যাংকে টাকা জমার মূল রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। রসিদের ফটোকপি গ্রহণযোগ্য হবে না।
প্রার্থীদের আন্তর্জাতিক এমআরপি বা ই-পাসপোর্ট থাকতে হবে। বাছাই পরীক্ষার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রয়োজনে পরীক্ষার তারিখ পরিবর্তন এবং অসম্পূর্ণ আবেদন বাতিলের ক্ষমতাও সংরক্ষণ করেছে কর্তৃপক্ষ।
পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোনো টিএ/ডিএ দেওয়া হবে না। বিস্তারিত জানতে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে যোগাযোগ করা যাবে। যোগাযোগের নম্বর ০২-৪১০৫৩২৯৪ এবং ই-মেইল [email protected]।