জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পৃষ্ঠপোষকতায় জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। গত রোববার বাদশাহর পক্ষে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশআল বিন আবদুল আজিজ চার দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন।
উদ্বোধনের পর প্রিন্স সৌদ সম্মেলনের সঙ্গে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় হাজিদের সেবায় ব্যবহৃত আধুনিক প্রযুক্তি, তাঁদের উন্নত সেবা ও অভিজ্ঞতা নিশ্চিত করার উদ্যোগ এবং স্মার্ট প্রযুক্তিনির্ভর বিভিন্ন সমাধান সম্পর্কে তাঁকে অবহিত করা হয়। পাশাপাশি সরকারি, বেসরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানের স্টলও পরিদর্শন করেন তিনি।
পরে বাদশাহ সালমানের পক্ষ থেকে দেওয়া বক্তব্যে সম্মেলনে অংশ নেওয়া অতিথিদের সৌদি আরবে স্বাগত জানান প্রিন্স সৌদ। একই সঙ্গে অংশগ্রহণকারীদের প্রতি বাদশাহর শুভেচ্ছা পৌঁছে দেন তিনি।
জেদ্দা সুপারডোমে ‘মক্কা থেকে বিশ্বে’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে ১৫০টির বেশি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন। এতে সরকারি, বেসরকারি ও অলাভজনক খাতের ৫২০টির বেশি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি আরবের হজ ও ওমরাহমন্ত্রী তাওফিক আল-রাবিয়াহ জানান, আন্তর্জাতিক হাজিদের সেবায় নিয়োজিত সেবাদাতা প্রতিষ্ঠানের সংখ্যা ৩৪টিতে উন্নীত হয়েছে। এ ছাড়া ৫৮টি দেশে সরাসরি চুক্তির সুযোগ সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি ৭৫টি নতুন দেশের মুসল্লিদের ‘ডাইরেক্ট হজ প্রোগ্রাম’-এর আওতায় হজ পালনের সুযোগ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও জানান, ১৪৪৭ হিজরি সালের হজে হাজিদের সন্তুষ্টির হার ছিল ৯৩ শতাংশ। নুসুক অ্যাপ ও প্ল্যাটফর্মের ব্যবহারকারীর সংখ্যা সাত কোটি ছাড়িয়েছে।
সম্মেলনে হাজিদের সেবার মান উন্নয়ন, প্রযুক্তির ব্যবহার এবং অবকাঠামো উন্নয়নে আটটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে ৫৬০ কোটি সৌদি রিয়ালের ‘ওয়াসেল আল-হারাম’ প্রকল্প। এ প্রকল্পের আওতায় মসজিদুল হারামে যাতায়াতের পথ ও স্টেশনগুলোর উন্নয়ন করা হবে।
সূত্র: রিয়াদ ডেইলি