নেত্রকোনায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ: শিক্ষকের মৃত্যুদণ্ডাদেশ
নেত্রকোনার মদন ১১ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের ফলে গর্ভধারণ ও সন্তান প্রসবের দায়ে স্থানীয় একটি মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক মো. আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
একই সঙ্গে ভিকটিমের নবজাতক কন্যা সন্তানের ভরণপোষণ, শিক্ষা ও লালন-পালনের সার্বিক দায়িত্ব রাষ্ট্রকে বহন করার নির্দেশ দেওয়া আদালত।
আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আব্দুল সালাম মামলায় এ রায় ঘোষণা করেন।
এই মামলার মাদ্রাসা শিক্ষক মো. আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এছাড়াও এই মামলার অপর আসামী দণ্ডিত শিক্ষকের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়ার বিরুদ্ধে আনা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ১১ বছরের শিশু বাবা-মার বিবাহচ্ছেদের পর তার মা জীবিকার তাগিদে সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন। শিশুটি মদন উপজেলার পাড়াখট বড়বাড়ি গ্রামে নানার বাড়িতে থেকে স্থানীয় ‘হযরত ফাতেমাতুজ্জোহরা (রা.) মহিলা কওমি মাদ্রাসায়’ প্রথম শ্রেণীতে পড়াশোনা করত। দণ্ডিত আসামি সাগর হুজুর উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক এবং সংলগ্ন জামে মসজিদের ইমাম ছিলেন।
গত বছরের (২০২৫ সালের) ০২ অক্টোবর বিকেলে মাদ্রাসা ছুটির পর আসামি সাগর হুজুর ভিকটিমকে মসজিদের বারান্দা ঝাড়ু দিতে বলেন। এরপর বারান্দা সংলগ্ন নিজের কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকি দেওয়া হয় এবং মুখ বন্ধ রাখার জন্য বিভিন্ন সময়ে শিশুটিকে ৫০ টাকা করে প্রদান করা হয়। এভাবে পরবর্তীতেও একাধিকবার শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
পরবর্তীতে চলতি বছরের ১৮ এপ্রিল ভিকটিমের মা বাড়িতে এসে মেয়ের পেটের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসমোগ্রাফি করালে শিশুটির ২৬ সপ্তাহের গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হন। ঘটনা জানাজানি হলে স্থানীয়ভাবে পরিবারটিকে হুমকি দেওয়া হয়। এরপর ২৩ এপ্রিল ভিকটিমের মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা (মামলা নং-১৭) দায়ের করেন।
৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠায়।
তদন্তকালে শারীরিক নিরাপত্তা ও উন্নত চিকিৎসার স্বার্থে অন্তঃসত্ত্বা শিশুটিকে সিলেট সরকারি শিশু ও কিশোরী নিরাপদ হেফাজত কেন্দ্রে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ০৩ জুলাই রাত ১২টার দিকে ভিকটিম একটি সুস্থ কন্যা সন্তান প্রসব করে।
নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। নমুনা পরীক্ষায় ধর্ষক শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরই উক্ত নবজাতক কন্যা সন্তানের একমাত্র জৈবিক পিতা বলেও প্রমাণিত হয়।
এ মামলায় সকল সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত চূড়ান্ত রায় প্রকাশ করে। পাশাপাশি নবজাতক শিশুর অধিকার নিশ্চিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৩ ধারার সংবিধিবদ্ধ বিধান অনুযায়ী আদালত নির্দেশ দেন যে, নবজাতক কন্যা সন্তানটি তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে থাকবে এবং রাষ্ট্র ও প্রাতিষ্ঠানিক সকল ক্ষেত্রে তার পিতা (দণ্ডিত আসামি) ও মাতা উভয়ের পরিচয়ে পরিচিত হবে।
কন্যা সন্তানটির বিবাহ না হওয়া পর্যন্ত তার যাবতীয় ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্র বহন করবে। সরকার পরবর্তীতে এই অর্থ দণ্ডিত আসামির সম্পত্তি থেকে বকেয়া ভূমি রাজস্বের মতো করে আদায় বা বাজেয়াপ্ত করবে।
নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নুরুল কবীর রুবেল জানান, আমরা এই মামলাটি বিচারের জন্য পেয়েছি মাত্র দুই মাস আগে। ৬০-৬২ দিন আগে মাত্র মামলাটা পেয়েছি। আজকে এই মামলার রায় হয়েছে। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবং যাবতীয় সাক্ষ্য-প্রমাণে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমরা এই মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। যার ফলে আজকে এই আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হয়েছে এবং এক লক্ষ জরিমানা করা হয়েছে।