রাজনৈতিক হয়রানির হত্যা মামলাও প্রত্যাহারের আশ্বাস আইনমন্ত্রীর
শুধুমাত্র ধর্ষণ মামলা ছাড়া অন্যান্য হত্যা মামলাসহ যেকোনো ধরনের মামলা রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়েছে বলে প্রমাণ মিললে তা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করেছে সরকার। অবশিষ্ট মামলাগুলোও যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এ লক্ষ্যে গত ৫ মার্চ জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। পরে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন আবেদন এলে জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে সেগুলো যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আইনমন্ত্রী বলেন, ধর্ষণ মামলা বাদে হত্যা মামলাসহ অন্য যেকোনো মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে বলে যাচাই-বাছাইয়ে প্রমাণিত হলে তা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
সম্পূরক প্রশ্নে নোয়াখালী-২ আসনের বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক নিজের বিরুদ্ধে ৮৬টি মামলা থাকার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিগত সরকারের বিরোধিতা করে সংসদে বক্তব্য দেওয়ার কারণে একই দিনে দেশের ৬৪ জেলায় তার বিরুদ্ধে ৬৪টি মামলা করা হয়েছিল। দীর্ঘদিন পরও এসব মামলা প্রত্যাহার হয়নি বলে অভিযোগ করেন তিনি।
এ সময় প্রত্যাহার করা ২৪ হাজার ১৩টি মামলার বিস্তারিত তালিকা সংসদে প্রকাশের দাবি জানান ফারুক। কোন জেলা, উপজেলা ও এলাকায় কতটি মামলা প্রত্যাহার হয়েছে, তা পরবর্তী অধিবেশনে জানানোর আহ্বান জানান তিনি।
জবাবে আইনমন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় সেটি রাজনৈতিক হয়রানিমূলক কি না, তা আলাদাভাবে উল্লেখ থাকে না। তাই যারা রাজনৈতিক কারণে হয়রানির শিকার হয়েছেন, তাদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। জয়নুল আবদিন ফারুককেও দ্রুত আবেদন করার অনুরোধ জানান তিনি।
মামলার বর্তমান অবস্থার ভিত্তিতে প্রত্যাহারের প্রক্রিয়া পরিচালিত হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, যেসব মামলায় অভিযোগপত্র দেওয়া হয়নি, সেগুলোর অধিকাংশের ক্ষেত্রে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। অভিযোগপত্র দেওয়া হলেও যেসব মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি, সেগুলো প্রত্যাহারের প্রক্রিয়ায় রয়েছে। সাক্ষ্যগ্রহণ শুরু হওয়া মামলাও প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, কেউ কেউ মামলা প্রত্যাহারের আবেদন না করে আদালতের মাধ্যমে আইনি লড়াই চালিয়ে খালাস পেতে চান। এ প্রসঙ্গে তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মামলার উদাহরণ দেন। তাদের মামলাগুলো আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সরকারের এ উদ্যোগের লক্ষ্য রাজনৈতিক হয়রানির শিকার ব্যক্তিদের আইনি ভোগান্তি কমানো। তবে কোন মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, তা নির্ধারণে যাচাই-বাছাই ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ফলে আবেদন, জেলা কমিটির সুপারিশ এবং কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তই পরবর্তী মামলা প্রত্যাহারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।