[ দেশজুড়ে ]
‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি
দৌলতখান পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আকাশ ও ওসি ফখরুল ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলামকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে। এ ঘটনায় ওসির সঙ্গে তার কথোপকথনের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ওই কল রেকর্ডে শোনা যায়, সাবেক মেয়রপুত্র ও সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি নবী নেওয়াজ আকাশ ওসিকে উদ্দেশ করে বলছেন, ‘কাল রাতে দেখছিলাম, এমন হয়। আপনি দৌলতখানে এ রকম করতেছেন কেন? ছাত্রলীগের ছেলেদের বাড়িতে থাকতে দেবেন না? দৌলতখান উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমার দাদা। আমরা কিন্তু দৌলতখানে আসব। আপনি দৌলতখানে অতিথি। আমাদের শান্তিতে থাকতে দেন।’
এ সময় অপর প্রান্ত থেকে ওসি ফখরুল ইসলামকে বলতে শোনা যায়, ‘কে কে নির্দেশ দিয়েছে, আপনাকে খোঁজ নেন। আপনার সঙ্গে পরে কথা বলব।’ এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, হঠাৎ করেই তাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে। নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে ভোলা সদর ও দৌলতখান থানায় নাশকতা ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/ভোলা
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!