শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে রাজনৈতিক স্টান্টবাজি বললেন চিফ প্রসিকিউটর
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার ঘটনাকে ভিত্তিহীন বক্তব্য ও রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না।
সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘এগুলো ভিত্তিহীন বক্তব্য এবং রাজনৈতিক স্টান্টবাজি। শেখ হাসিনা এখন যা করছেন, তা স্টান্টবাজি। তিনি আর দেশে ফিরবেন না।’
এর আগে ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে এ তথ্য প্রকাশিত হয়।
চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন করে এসব নথি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ হাইকমিশনের প্রতি অনুরোধ জানান তারা।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। সম্প্রতি রয়টার্স ও এপিকে দেওয়া সাক্ষাৎকারে আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।