ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ ধর্ম ]

বায়তুল মোকাররমে আজ অষ্টম আন্তর্জাতিক কিরাত সম্মেলন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:২১, ১২ নভেম্বর ২০২৬
বায়তুল মোকাররমে আজ অষ্টম আন্তর্জাতিক কিরাত সম্মেলন
সংগৃহীত ছবি

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অষ্টম আন্তর্জাতিক কিরাত সম্মেলন-২০২৬’। আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সম্মেলন মসজিদের পূর্ব চত্বরে বাদ জোহর শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।

আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

আয়োজক কমিটির মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানীর আহ্বানে এবারের সম্মেলনে বাংলাদেশ ছাড়াও মিশর, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ভারত ও দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিরা অংশ নেবেন। দিনব্যাপী তাঁরা পবিত্র কোরআনুল কারিম তিলাওয়াত করবেন।

বিদেশি আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন মিশরের কারি শায়েখ আবদুন নাসের হারাক, আফগানিস্তানের শায়েখ কারি আবদুল কাবীর হায়দারী, পাকিস্তানের কারি আনোয়ারুল হাসান শাহ বোখারী, ইরানের শায়েখ কারি ওয়াহীদ খাজাইয়ী, ভারতের কারি হেদায়াতুল্লাহ ফুরকান রাজস্থানী এবং দক্ষিণ আফ্রিকার কারি ব্যারিস্টার যুবায়ের বারদাই।

বাংলাদেশের পক্ষে তিলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী হাফেজ ও কারি, দেশবরেণ্য আলেম-ওলামা, শিক্ষাবিদ এবং বিশিষ্ট ব্যক্তিরা সম্মেলনে উপস্থিত থাকবেন।

সম্মেলনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকার কথা রয়েছে জাতীয় সংসদের হুইপ মিয়া নুর উদ্দীন আহমেদ অপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং আন্তর্জাতিক কিরাত সংস্থার হাওয়ারিয়্যীন পরিষদের সভাপতি আনোয়ার আলদীনের।

সম্মেলনের যৌথ সভাপতিত্ব করবেন আয়োজক সংস্থার সভাপতি আল্লামা কারি আবু রায়হান ও নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।

আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইউসুফ জানান, এ আয়োজন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কোরআনচর্চার ঐতিহ্য ও কিরাতশাস্ত্রের সৌন্দর্য তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে। তাঁর মতে, আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশের কোরআন শিক্ষা ও কিরাতশাস্ত্রের প্রচার-প্রসারে কাজ করে আসছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!