মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ৫৬৮ ডিমান্ড লেটার পেয়েছে সরকার
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য এখন পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছে সরকার। সব প্রক্রিয়া চূড়ান্ত করে ডিসেম্বরের আগেই দেশটিতে কর্মী পাঠানো শুরু করতে চায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। এ ক্ষেত্রে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের সহযোগিতা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় বিনা অভিবাসন ব্যয়ে কর্মী নির্বাচন ও সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রাশেদুল হক বলেন, ‘আমরা আজ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছি। ডিসেম্বরের আগে আমরা চূড়ান্ত করে ফেলব। ডিএইচএলের সহযোগিতা পেলে দ্রুত তাদের বিদেশে পাঠাতে পারব। ডিসেম্বরের আগে পাঠানো শুরু করতে চাই। তবে কোনো কারণে এক-দুই দিন দেরি হলে সেটি ভিন্ন বিষয়।’
বোয়েসেলের মাধ্যমে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদা পাওয়ার ভিত্তিতে পর্যায়ক্রমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের জন্য ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের চূড়ান্ত বাছাই শুরু হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক জানান, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বোয়েসেল স্বল্প ও শূন্য অভিবাসন ব্যয়ে নিরাপদ, নৈতিক ও দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে কাজ করছে। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পেশাগত যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, গত ২ নভেম্বর মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।
সমান সুযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি করে দুটি পদে ৩০০ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। তাঁদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।
রাশেদুল হক বলেন, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জনের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও পদের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হবে। এ জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।
তিনি আরও বলেন, বাছাই প্রক্রিয়ায় বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। নিয়োগকর্তা যাঁদের নির্বাচন করবেন, তাঁরাই চূড়ান্ত বলে বিবেচিত হবেন।
ব্যবস্থাপনা পরিচালক জানান, এ নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের অভিবাসনসংক্রান্ত সরকার নির্ধারিত সব খরচ মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। বোয়েসেল নিয়োগকারী প্রতিষ্ঠান বা কর্মীদের কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় কিংবা সার্ভিস চার্জ নেবে না।
তিনি বলেন, ‘শূন্য মানে শূন্য।’ নিয়োগের কোনো পর্যায়ে দালাল, মধ্যস্বত্বভোগী বা অননুমোদিত কেউ অর্থ দাবি করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়ালে প্রমাণের ভিত্তিতে উভয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য প্রার্থীদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।
রাশেদুল হক বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম মানুষ বিদেশে কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। একজন সাধারণ শ্রমিক যেন নিজের শ্রম, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে বিদেশে কাজের সুযোগ পান, তা নিশ্চিত করতে চায় বোয়েসেল।