ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

ছাত্রলীগ পুনর্বাসনের রাজনীতি থেকে বেরিয়ে আসুন: রাকিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০১, ১২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগ পুনর্বাসনের রাজনীতি থেকে বেরিয়ে আসুন: রাকিব
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ফাইল ছবি

সরকারের গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি সকাল-বিকাল বিএনপিকে দোষারোপের রাজনীতি পরিহার করতে ইসলামী ছাত্রশিবিরের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, বিদেশি এজেন্সিনির্ভর গুপ্ত রাজনীতি ও বট বাহিনীনির্ভর রাজনীতি পরিহার না করলে ইসলামী ছাত্রশিবির তথা সাদিক কায়েমদের বারবার এ ধরনের বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

তিনি দাবি করেন, গত ১০ নভেম্বর ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ছাত্রদলের ১৫ থেকে ২০টি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রদল সভাপতি আরও লেখেন, সেদিন সাদিক কায়েমদের মাত্র একটি মিছিলের মুখোমুখি হতে হয়েছে। এতেই তাদের কথিত গুপ্ত ও বট বাহিনীনির্ভর রাজনীতির নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

নিজ সংগঠনের সাংগঠনিক পর্যালোচনার আহ্বান জানিয়ে রাকিব শিবিরকে ছাত্রলীগের পুনর্বাসন প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার এবং ক্যাম্পাস ও রাজপথে সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

পোস্টের শেষাংশে তিনি বলেন, সরকারি দল সবসময় জনগণের জবাবদিহির আওতায় থাকবে এবং বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে—এটাই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। তাই সরকারের গঠনমূলক সমালোচনা করার পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগকে পুনর্বাসনের অংশ হিসেবে প্রতিদিন বিএনপি সরকারকে দোষারোপের রাজনীতি পরিহার করা উচিত।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!