ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা
দীর্ঘ আলোচনা, দর-কষাকষি ও গোপন ভোটের পর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। আগামী ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মজুরি বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন। এ ছাড়া শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
বোর্ডের চেয়ারম্যান জানান, প্রথমবারের মতো মাত্র ২০ দিনের মধ্যে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করা সম্ভব হয়েছে। দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। শিগগিরই নতুন মজুরির প্রস্তাব গেজেট প্রকাশের জন্য পাঠানো হবে। এ বিষয়ে বুধবারও মজুরি বোর্ডের বৈঠক হবে।
তিনি বলেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়েছে। তবে চতুর্থ গ্রেড বা সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হতে না পারায় শ্রম আইন অনুযায়ী গোপন ভোট নেওয়া হয়। এতে ১৭ হাজার টাকার পক্ষে বোর্ডের চার সদস্য ভোট দেন। বাকি দুই সদস্য ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন।
চেয়ারম্যান আরও জানান, যেসব শ্রমিক বর্তমানে ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পান, তাদের বেতন অন্তত ২ হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে। তবে কারখানাগুলো তাদের সক্ষমতা অনুযায়ী এর চেয়ে বেশি বেতন দিতে পারবে।
নতুন মজুরি কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডের শ্রমিকদের—যেমন হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্ট—মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীদের মজুরি ১৯ হাজার ২০০ টাকা।
দ্বিতীয় গ্রেডের সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটরসহ বিশেষায়িত কাজে নিয়োজিত সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার ও সিনিয়র কাফ মেকারদের মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।
অন্যদিকে, প্রথম গ্রেডের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের মজুরি হবে ২১ হাজার ৫০০ টাকা।
বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘ দর-কষাকষির পর শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার প্রস্তাব দেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের সদস্যদের ভোটে তা ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়।
সূত্র জানায়, গত সোমবার মালিকপক্ষের দেওয়া প্রস্তাব নিয়ে মঙ্গলবার দুপুর ২টা থেকে আলোচনা শুরু হয়। বিকেল ৪টায় সাংবাদিকদের ব্রিফিং করেন বোর্ডের চেয়ারম্যান। নামাজ ও রাতের খাবারের বিরতি দিয়ে বৈঠক চলে রাত দেড়টা পর্যন্ত। এ সময় উভয়পক্ষ মোট ছয় দফা প্রস্তাব দেয়।
শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, অতীতে শ্রমিক আন্দোলনের সময় ‘নো ওয়ার্ক, নো পে’ নীতির আওতায় কারখানা বন্ধ করে দেওয়া হতো। এবার আন্দোলনের কারণে ৫০০ থেকে ৬০০টি কারখানা বন্ধ থাকলেও এ নীতি ঘোষণা করা হয়নি। অতীতে আন্দোলন দমনে গুলি ব্যবহারের ঘটনা ঘটলেও এবার তার ব্যতিক্রম হয়েছে। এ ছাড়া শ্রমিকদের গণহারে চাকরিচ্যুতও করা হয়নি।
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ড গঠনের পরও অনেকে আন্দোলন করেছেন। আবার কেউ কেউ অন্যের স্বার্থে আন্দোলন করছেন। এ কারণে এখনো অসন্তোষ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
বাবুল আখতার আরও বলেন, মজুরি ঘোষণার পর কোনো সংগঠনের নামে আন্দোলন হলে এর দায় সংশ্লিষ্ট সংগঠনকে নিতে হবে। এর বাইরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাষ্ট্র প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
তিনি জানান, আন্দোলনে জড়িত শ্রমিকদের ছাঁটাই বন্ধ, গ্রেফতার শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং কাউকে হয়রানি না করার বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে মজুরি বোর্ড।