ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছে ১১২ বাংলাদেশি কর্মী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৯, ২৫ নভেম্বর ২০২৬
বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছে  ১১২ বাংলাদেশি কর্মী
ছবি: সংগৃহীত

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রথম দফায় কোনো অভিবাসন ব্যয় ছাড়াই ১১২ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।

কর্মীদের বিমানভাড়াসহ অভিবাসনসংক্রান্ত সব খরচ বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। এ যাত্রার মধ্য দিয়ে প্রথম পর্যায়ে বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর সরকারি উদ্যোগ শুরু হচ্ছে।

এ উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে কর্মীরা মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন। সরকারি ব্যবস্থাপনায় ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া তাদের নিয়োগ দিয়েছে।

বোয়েসেল সূত্র জানায়, বিনা খরচে কর্মী পাঠানোর এ উদ্যোগে গত ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এতে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

স্বয়ংক্রিয় লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। সাক্ষাৎকারে অনুপস্থিত প্রার্থীদের বাদ দিয়ে পরবর্তী সময়ে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে নির্বাচন করা হয়। পরে পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে চূড়ান্তভাবে ১১২ জনকে নিয়োগ দেয় মালয়েশীয় প্রতিষ্ঠানটি।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, সরকারি ব্যবস্থাপনায় দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে এবারই প্রথম লটারিভিত্তিক বাছাই পদ্ধতি চালু করা হয়েছে। নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি কর্মীরা যাতে কোনো অর্থ ব্যয় ছাড়াই বিদেশে চাকরি পেতে পারেন, সেটিই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

নিয়োগে সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও কর্মী শোষণের অভিযোগে অতীতেও কয়েক দফায় মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়েছে। ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হয়। তবে ১০১টি রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায় ও দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০২৪ সালের জুনে কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়।

এর আগে ২০০৮ থেকে ২০১২, ২০১৬ থেকে ২০১৮ এবং ২০১৯ থেকে ২০২২ সালেও বিভিন্ন অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগে দেশটির শ্রমবাজারে নিয়োগ কার্যক্রম ব্যাহত হয়।

এবারের উদ্যোগের বাইরে ২৫টি রিক্রুটিং এজেন্সি ও ৩১২টি সহযোগী এজেন্সির মাধ্যমে নিয়মিত নিয়োগপ্রক্রিয়াও চালু রয়েছে। এ ব্যবস্থায় মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। নির্ধারিত অঙ্কের বেশি অর্থ আদায় করলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সরকার। তবে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়া ১১২ কর্মীর কোনো অভিবাসন ব্যয় হচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!