ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কাল তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে আগামীকাল ৩০ নভেম্বর জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে কনসেশন চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তির পরবর্তী ১৪ মাসের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বেবিচকের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
তিনি বলেন, দীর্ঘদিনের আলোচনা, পর্যালোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। জাতীয় স্বার্থ সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর তৃতীয় টার্মিনালটি আংশিকভাবে উদ্বোধন করা হয়। তবে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পরও টার্মিনালটির নিয়মিত কার্যক্রম চালু করা সম্ভব হয়নি।
বেবিচক চেয়ারম্যান জানান, কনসেশন চুক্তির মেয়াদ হবে ১৫ বছর। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মাধ্যমে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে। এরপর পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে টার্মিনাল হস্তান্তরের ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ ও যাত্রীসেবার মান নিশ্চিত করতে বেবিচকের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, তৃতীয় টার্মিনালের অত্যাধুনিক প্রযুক্তি ও যাত্রীবান্ধব সুযোগ-সুবিধা দেশের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বেবিচক জানায়, তৃতীয় টার্মিনালের শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট সেখানে স্থানান্তরের তারিখ থেকে ১৫ বছরের চুক্তির মেয়াদ কার্যকর হবে। চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে কমপক্ষে ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা নতুন টার্মিনাল থেকে দেওয়ার লক্ষ্য রয়েছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ফ্লাইট বাড়িয়ে ১৪ মাসের মধ্যে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করা হবে।
চুক্তি অনুযায়ী, জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। পূর্ণাঙ্গ কার্যক্রম চালু হলে বিমানবন্দরের সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা তৃতীয় টার্মিনালে এবং আন্তর্জাতিক কার্গো হ্যান্ডলিং নতুন কার্গো টার্মিনালে পরিচালিত হবে।
অন্যদিকে, বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ ফ্লাইট, হজ ফ্লাইট এবং অন্যান্য অনিয়মিত ফ্লাইট পরিচালনায় ব্যবহার করতে পারবে বেবিচক। যাত্রীসেবার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় অতিরিক্ত সরঞ্জাম কেনা, স্থাপন ও চালু করার দায়িত্বও থাকবে পরিচালনাকারী প্রতিষ্ঠানের। পাশাপাশি যান্ত্রিক, বৈদ্যুতিক ও পানি সরবরাহসহ সংশ্লিষ্ট অবকাঠামোর প্রয়োজনীয় সম্প্রসারণের কাজ করবে প্রতিষ্ঠানটি।
চুক্তিতে বলা হয়েছে, তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপানি কনসোর্টিয়ামের হাতে গেলেও বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তাসংক্রান্ত কার্যক্রম বেবিচকের অধীনেই থাকবে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচল নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বেবিচক। ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম থাকবে সংশ্লিষ্ট সরকারি সংস্থার নিয়ন্ত্রণে।
চুক্তি অনুযায়ী, তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী প্রত্যেক আন্তর্জাতিক বহির্গামী যাত্রীর বিপরীতে এমবার্কেশন ফি এবং প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠান। এ ছাড়া টার্মিনালের দোকান, লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন থেকে নন-অ্যারোনটিক্যাল আয়ও পাবে প্রতিষ্ঠানটি।
রাজস্ব বণ্টনের বিষয়ে চুক্তিতে বলা হয়েছে, নির্ধারিত কার্যক্রম শুরুর তারিখ থেকে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ মাসিক ভিত্তিতে বেবিচককে দিতে হবে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে। পরবর্তী সময়ে তৃতীয় টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃত পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ—যেটি আগে হবে, সেদিন থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশ হবে।
এ ছাড়া তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরও একটি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে। এসব প্রতিষ্ঠান ও সেলফ হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানকে রয়্যালটি দেবে। কার্গো হ্যান্ডলিংয়ের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও প্রতি টন কার্গোর বিপরীতে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে মার্কিন ডলারে রয়্যালটি দেবে।
যাত্রীসেবার মান নিশ্চিত করতে চুক্তিতে ব্যাগেজ সরবরাহের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। উড়োজাহাজ থামার পর ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগ কনভেয়ার বেল্টে দিতে হবে। সর্বশেষ ব্যাগ সরবরাহের সময়সীমা ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।
চেক-ইন কাউন্টারে যাত্রীদের অপেক্ষার সময় কমাতেও মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। বিজনেস ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে গড় অপেক্ষার সময় ৫ অথবা ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ২০ অথবা ৩০ মিনিটের মধ্যে রাখার লক্ষ্য রয়েছে।
টার্মিনালের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থাগুলোও নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী সচল রাখতে হবে। এর মধ্যে রয়েছে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম (বিএইচএস), সমন্বিত যাত্রী প্রক্রিয়াকরণ ব্যবস্থা (কিউট), স্বয়ংক্রিয় সেলফ চেক-ইন ব্যবস্থা (কাস) এবং ফ্লাইট তথ্য প্রদর্শন ব্যবস্থা (এফআইডিএস)। এসব ব্যবস্থা ৯৮ অথবা ৯৫ শতাংশ সময় সচল রাখার শর্ত রয়েছে।
নির্ধারিত সেবার মান ও কার্যসম্পাদন সূচক অর্জনে বারবার ব্যর্থ হলে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তির সংখ্যার ভিত্তিতে প্রতিটি ব্যর্থতার জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে।
বেবিচক জানায়, তৃতীয় টার্মিনালটির আয়তন ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে এর। যাত্রীসেবার জন্য টার্মিনালটিতে সেলফ চেক-ইনসহ ১২৭টি চেক-ইন কাউন্টার, ১১৪টি ম্যানুয়াল ও ১৫টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, ৮টি অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার কাউন্টার এবং ১৬টি এয়ারলাইনস টিকিট কাউন্টার রয়েছে। এ ছাড়া লাগেজ সংগ্রহের জন্য রয়েছে ১৬টি ব্যাগেজ কনভেয়ার বেল্ট।
উড়োজাহাজ ও যাত্রী ব্যবস্থাপনার জন্য টার্মিনালটিতে ১২টি কন্টাক্ট বোর্ডিং এবং ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে রয়েছে। নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে রাখা হয়েছে ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্রিনিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র। যাত্রীদের চলাচলের সুবিধায় রয়েছে মুভিং ওয়াকওয়ে, এস্কেলেটর ও লিফট।
বহুতল গাড়ি পার্কিং ভবনে একসঙ্গে ১ হাজার ২৩০টি গাড়ি রাখার সুবিধা রয়েছে। এ ছাড়া ২৭ হাজার বর্গমিটার আয়তনের আমদানি কার্গো টার্মিনাল এবং ৩৬ হাজার বর্গমিটার আয়তনের রপ্তানি কার্গো টার্মিনাল নির্মাণ করা হয়েছে। নতুন কার্গো টার্মিনাল দুটিতে বছরে মোট ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে।