ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা থেকে সরে এসেছেন শেখ হাসিনা: রাশেদ খান
সাবেক প্রধানমন্ত্রী ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে একপ্রকার সরে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসবে, ততই সবার বক্তব্যের সুর পরিবর্তন হবে।
রোববার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।
পোস্টে তিনি লেখেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’ বলে মন্তব্য করেছেন এম এ আরাফাত। আগেই বলেছিলাম, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, সবার সুর এভাবেই পরিবর্তন হবে।
রাশেদ খান আরও বলেন, গত শনিবার রাতে শেখ হাসিনা ফেসবুক লাইভে কথা বলেছেন। ওই লাইভের অডিও বার্তায় শেখ হাসিনাকে বলতে শোনা গেছে, ‘আমি সব কিছু কিনে গুছিয়ে রেখেছি, যদি আমি যাই...।’ পরবর্তী সময়ে আরেক জায়গায় তিনি বলেছেন, ‘সুযোগ পেলে যাব।’
রাশেদ খানের দাবি, শেখ হাসিনা ১৬ ডিসেম্বরই দেশে ফিরবেন—এমন কথা একবারও স্পষ্ট করে বলেননি। এর মধ্য দিয়ে তিনি ওই দিন দেশে ফেরার ঘোষণা থেকে একপ্রকার সরে এসেছেন।
বর্তমানে যারা আগুনসন্ত্রাস চালাচ্ছে, তারা সবাই ভারতে পালাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন রাশেদ খান।
তিনি বলেন, শেখ হাসিনার অডিও বক্তব্যের পর অন্তত এই সন্ত্রাস থেকে তাদের সরে আসা উচিত। অন্যথায় নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারও অস্তিত্ব থাকবে না। বাগেরহাটবাসী প্রতিরোধের ধরন বুঝিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।