ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
অর্থনৈতিক পুনরুদ্ধারে আরও কিছুদিন কম থাকবে প্রবৃদ্ধি: অর্থমন্ত্রী
অর্থনৈতিক পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফেরানোর প্রক্রিয়ায় আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকার এখন অর্থনীতি পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছে।
জ্বালানি, গ্যাস ও সারসহ বিভিন্ন পণ্য আমদানিতে আগের তুলনায় দ্বিগুণ থেকে তিন গুণ বেশি দাম দিতে হচ্ছে। এতে সরকারের কোষাগারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে শুরুর দিকে প্রবৃদ্ধি কম থাকলেও সরকারের লক্ষ্য চতুর্থ ও পঞ্চম বছরে অর্থনীতিকে গতিশীল করা।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি-২ মিলনায়তনে সাধারণ অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।
অর্থমন্ত্রী বলেন, পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হঠাৎ তৈরি হয়নি। এর ভিত্তি ২০১৬ সালে প্রণীত বিএনপির ভিশন-২০৩০। পরে ২৭ দফা এবং বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ৩১ দফা প্রণয়নের মধ্য দিয়ে এই পরিকল্পনা বিকশিত হয়েছে।
তিনি বলেন, এটি শুধু একটি রোডম্যাপ নয়, লক্ষ্য অর্জনের কৌশলও। এখন সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব নির্ধারণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম বড় লক্ষ্য। এ জন্য সরকারি-বেসরকারি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ ও বাজেট বরাদ্দের বিষয়ে পরিকল্পনা করতে হবে।
প্রতিটি প্রকল্প গ্রহণের ক্ষেত্রে চারটি বিষয় নিশ্চিত করতে হবে—অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব।
অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, জ্বালানি ও গ্যাসের বাড়তি দামের কারণে আমদানিজনিত মূল্যস্ফীতি তৈরি হচ্ছে, যার ওপর সরকারের নিয়ন্ত্রণ সীমিত। তবে কর কমানোসহ বিভিন্ন পদক্ষেপের ফলে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৫ শতাংশে নেমেছে। এই হার আরও কমাতে হবে।
অর্থনীতির প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি। কোনো সূচক খারাপ হলে তা স্বীকার করে এর কারণ ও সংশোধনের পরিকল্পনা জানাতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
ব্যাংক খাতের সংকট প্রসঙ্গে তিনি বলেন, এ খাতের বিপুল দায় রাতারাতি কাটানো সম্ভব নয়। আমানতকারীরা সুদসহ তাঁদের টাকা ফেরত পাবেন এবং কোনো অর্থ কেটে রাখা হবে না—এমন নিশ্চয়তা দেওয়া হয়েছে। এতে ব্যাংকে নিট আমানত বাড়ছে।
পুঁজিবাজারে সংস্কারের ফলে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে বলেও জানান অর্থমন্ত্রী। তবে বাজারের গভীরতা বাড়াতে ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে হবে।
তিনি আরও বলেন, প্রতিটি প্রকল্পের বাস্তব সুফল ও বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি যাচাইয়ে পৃথক মূল্যায়নব্যবস্থা চালু করা হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) সরকারের প্রভাবমুক্ত থেকে প্রকৃত তথ্য প্রকাশ করতে হবে। পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাত, এনজিও, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়নে নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য। অতীতের তথ্য নিয়ে মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সহযোগিতায় বিবিএস ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গবেষণায় জিডিপি নিরূপণের পদ্ধতিতে বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। এসব যাচাই করে প্রকৃত চিত্র জনসমক্ষে তুলে ধরা হচ্ছে। সরকার কোনো ধরনের তথ্য বিকৃতি চায় না।
তিনি বলেন, বর্তমানে সিপিআই বা মূল্যস্ফীতির তথ্য কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউইং (সিএপিআই) পদ্ধতিতে সরাসরি সংগ্রহ করা হচ্ছে। ডেটাবেজে যুক্ত হওয়ার পর এসব তথ্য প্রকাশ করা হচ্ছে। আগে তথ্য প্রকাশের ক্ষেত্রে মন্ত্রীর অনুমোদন প্রয়োজন হতো, এখন সেই প্রক্রিয়া তুলে দেওয়া হয়েছে।
পাশাপাশি গবেষক ও সাধারণ মানুষের জন্য তথ্য উন্মুক্ত করতে ডেটা ল্যাব চালু করা হয়েছে। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে এসব তথ্য ব্যবহারের সুযোগ তৈরি করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ওয়ান সিটিজেন, ওয়ান ডেটা, ওয়ান নাম্বার, ওয়ান ওয়ালেট’ ধারণার মাধ্যমে নাগরিকভিত্তিক তথ্যব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান নিশ্চিত করা গেলে দেশের প্রকৃত অবস্থা নিরূপণ, উন্নয়ন অগ্রগতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় নীতি সংশোধন সহজ হবে।