ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

স্টেজ ফোর ক্যান্সার মানেই সব শেষ নয়!

বাংলাদেশ থেকে আসা শাহানুর বাবুর গল্প
ডা. রাজীব ভট্টাচার্জ
প্রকাশিত: ১২:১৮, ২৯ নভেম্বর ২০২৬
স্টেজ ফোর ক্যান্সার মানেই সব শেষ নয়!
অনেক রোগী চিকিৎসা চলাকালীনও স্বাভাবিক জীবনযাপন করছেন। কাজ করছেন, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন

স্টেজ ফোর ক্যান্সার মানেই জীবনের সমস্ত আশা শেষ হয়ে যাওয়া নয়। কখনও কখনও সঠিক চিকিৎসার সাহায্যে রোগটাকে দীর্ঘদিন নিয়ন্ত্রণে রেখে ভালোভাবে বেঁচে থাকা সম্ভব

আজ আপনাদের একজন রোগীর গল্প বলি। শাহানুর বাবু এসেছিলেন বাংলাদেশ থেকে। যখন প্রথম আমার কাছে আসেন, তখন তাঁর কিডনির ক্যান্সার ধরা পড়েছে। চিকিৎসার ভাষায় যাকে বলে রেনাল সেল কার্সিনোমা।

  • দুর্ভাগ্যবশত, রোগটা ধরা পড়ার সময়ই শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে গিয়েছিল। অর্থাৎ স্টেজ ফোর বা মেটাস্টেটিক ক্যান্সার।
  • অত্যন্ত স্মার্ট, আত্মবিশ্বাসী এবং স্পষ্টবাদী একজন মানুষ। কোনও কথা ঘুরিয়ে বলেন না। যেটা মনে করেন, সেটা সোজাসুজি বলে দেন।

আমার সঙ্গে প্রথমবার আলোচনা করার পর তিনি কলকাতারই আরেকটি পুরোনো ক্যান্সার হাসপাতালে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, একটু কম খরচে চিকিৎসা করা যায় কি না, সেটা দেখা। এতে অস্বাভাবিক কিছু নেই। ক্যান্সারের চিকিৎসায় অনেক সময় দীর্ঘদিন ধরে ওষুধ চালাতে হয়। ফলে চিকিৎসার খরচটা রোগী এবং তাঁর পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়।

কয়েক দিন পর তিনি আবার আমার কাছে ফিরে এলেনl বললেন, “ডাক্তারবাবু, আমি এখানেই চিকিৎসা করাব।”
আমি জিজ্ঞেস করলাম, “কেন? আপনি তো অন্য হাসপাতালেও গিয়েছিলেন। সেখানে তো খরচ কিছুটা কম!”

উনি কিন্তু কখনও লুকোননি যে অন্য জায়গায় পরামর্শ নিতে গিয়েছিলেন।
সোজাসুজি বললেন, “হ্যাঁ, ওখানে খরচ কম। কিন্তু জায়গাটা আমার পছন্দ হয়নি। আমি এখানেই চিকিৎসা করাব।”

ব্যস, তারপর শুরু হল আমাদের চিকিৎসার পথচলা।
দেখতে দেখতে প্রায় এক বছর পেরিয়ে গিয়েছে।
এবার একটু বলি, মেটাস্টেটিক কিডনির ক্যান্সারের চিকিৎসা কীভাবে হয়।

একসময় কিডনির ক্যান্সার শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লে চিকিৎসার সুযোগ বেশ সীমিত ছিল। কিন্তু গত কয়েক বছরে এই রোগের চিকিৎসায় অনেক পরিবর্তন এসেছে।

এখন আমাদের হাতে রয়েছে ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপির মতো আধুনিক চিকিৎসা।

ইমিউনোথেরাপি শরীরের নিজের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। অন্যদিকে টার্গেটেড থেরাপি ক্যান্সার কোষের বৃদ্ধি এবং টিউমারে রক্ত সরবরাহের সঙ্গে যুক্ত কিছু বিশেষ প্রক্রিয়াকে বাধা দেয়।

চিকিৎসা শুরু করার আগে আমরা রোগীর শারীরিক অবস্থা, রক্তের কিছু পরীক্ষার ফল এবং রোগের অন্যান্য বৈশিষ্ট্য দেখে একটা রিস্ক অ্যাসেসমেন্ট করি।

সহজ কথায়, রোগী কোন ঝুঁকির দলে পড়ছেন—ফেভারেবল, ইন্টারমিডিয়েট না পুওর রিস্ক—সেটা বোঝার চেষ্টা করি। তারপর সেই অনুযায়ী চিকিৎসার পরিকল্পনা করা হয়।

বর্তমানে মেটাস্টেটিক ক্লিয়ার সেল রেনাল সেল কার্সিনোমার চিকিৎসায় ইমিউনোথেরাপির সঙ্গে আরেকটি ইমিউনোথেরাপি অথবা টার্গেটেড থেরাপি ব্যবহার করা হয়।

যেমন নিভোলুম্যাবের সঙ্গে ইপিলিমুম্যাব, অথবা পেমব্রোলিজুম্যাবের সঙ্গে অ্যাক্সিটিনিব কিংবা লেনভাটিনিব। আবার নিভোলুম্যাবের সঙ্গে ক্যাবোজ্যান্টিনিবও ব্যবহার করা হয়।

এগুলো সব রোগীর জন্য একইভাবে প্রযোজ্য নয়। রোগের ধরন, ঝুঁকি, শারীরিক অবস্থা এবং চিকিৎসার খরচ বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়।

এছাড়াও নতুন কিছু ইমিউনোথেরাপি নিয়ে গবেষণা চলছে। তার মধ্যে একটি হল টোরিপ্যালিম্যাব। এই ওষুধটির সঙ্গে অ্যাক্সিটিনিবের সংমিশ্রণ নিয়ে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালে উৎসাহব্যঞ্জক ফলাফল পাওয়া গিয়েছে।

শাহানুর বাবুর ক্ষেত্রে আমরা টোরিপ্যালিম্যাব এবং অ্যাক্সিটিনিব ব্যবহার করেছি। চিকিৎসা ভালোভাবেই চলছিল। কিন্তু একটা সমস্যা ছিল। চিকিৎসার খরচ। পরিকল্পনা ছিল ইমিউনোথেরাপি সর্বোচ্চ দু'বছর পর্যন্ত চালানোর। কিন্তু আর্থিক কারণে শাহানুর বাবুর পক্ষে এতদিন চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।

তিনি এক বছর টোরিপ্যালিম্যাব নিয়েছেন। তারপর ইমিউনোথেরাপি বন্ধ করতে হয়েছে। বর্তমানে তিনি শুধু অ্যাক্সিটিনিব ট্যাবলেট খাচ্ছেন।

তবে সবচেয়ে আনন্দের খবরটা এখনও বলা হয়নি। শাহানুর বাবুর পরপর তিনটি পেট-সিটি স্ক্যানে বর্তমানে সক্রিয় ক্যান্সারের কোনও নিদর্শন পাওয়া যায়নি। অর্থাৎ স্ক্যানে কোনও সক্রিয় ক্যান্সারের ক্ষত ধরা পড়ছে না। চিকিৎসার ভাষায় যাকে আমরা বলি কমপ্লিট মেটাবলিক রেসপন্স।

এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার। স্ক্যানে ক্যান্সারের কোনও নিদর্শন পাওয়া যাচ্ছে না মানেই যে রোগটা চিরতরে নির্মূল হয়ে গিয়েছে, এমন নিশ্চয়তা দেওয়া যায় না। বিশেষ করে স্টেজ ফোর ক্যান্সারের ক্ষেত্রে নিয়মিত চিকিৎসা এবং ফলোআপ অত্যন্ত জরুরি।

কিন্তু শাহানুর বাবুর বর্তমান অবস্থাটা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের। এই মুহূর্তে তাঁর ক্যান্সারজনিত কোনও উপসর্গ নেই।
তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন। যথেষ্ট ভালো আছেন। বর্তমানে বাংলাদেশে ফিরে গিয়েছেন এবং নিয়মিত অ্যাক্সিটিনিব ট্যাবলেট খাচ্ছেন।

ফলোআপে যখনই আসেন, সেই আগের মতোই হাসিখুশি, আত্মবিশ্বাসী মানুষটাকে দেখতে পাই। তাঁকে দেখে আমারও খুব ভালো লাগে।

শাহানুর বাবুর গল্পটা আপনাদের বলার একটা বিশেষ কারণ আছে। আমাদের সমাজে এখনও অনেকের ধারণা, স্টেজ ফোর ক্যান্সার মানেই সব শেষ। আর কিছু করার নেই। চিকিৎসা করিয়েও কোনও লাভ নেই।

কিন্তু বাস্তবটা সবসময় এমন নয়। আজকের দিনে অনেক ধরনের স্টেজ ফোর ক্যান্সারের ক্ষেত্রেও আধুনিক চিকিৎসার সাহায্যে দীর্ঘদিন রোগটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে।

অনেক রোগী চিকিৎসা চলাকালীনও স্বাভাবিক জীবনযাপন করছেন। কাজ করছেন, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন।

অবশ্যই সব রোগীর ক্ষেত্রে একই ফলাফল পাওয়া যায় না। ক্যান্সারের ধরন, রোগের বিস্তার, শারীরিক অবস্থা এবং চিকিৎসায় সাড়ার ওপর অনেক কিছু নির্ভর করে।

তবুও একটা কথা মনে রাখা দরকার। স্টেজ ফোর ক্যান্সার মানেই জীবনের সমস্ত আশা শেষ হয়ে যাওয়া নয়। কখনও কখনও সঠিক চিকিৎসার সাহায্যে রোগটাকে দীর্ঘদিন নিয়ন্ত্রণে রেখে ভালোভাবে বেঁচে থাকা সম্ভব।

শাহানুর বাবু তারই একটা সুন্দর উদাহরণ। তাঁর সুস্থতা এবং দীর্ঘ জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল। আর তিনি যেন আগামী দিনগুলোতেও এভাবেই ভালো থাকেন, সেটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া।

লেখক : ডা. রাজীব ভট্টাচার্জ : মেডিক্যাল অনকোলজিস্ট ও ক্যান্সার বিশেষজ্ঞ, কলকাতা, ভারত

  • অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ- শ্রী সুদীপ দাস : +91 89811 19950, [email protected], calcuttacancercare.com
ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!