ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

ইবোলায় মৃত্যু: মরদেহ খুঁজে পাচ্ছেন না স্বজনরা, কঙ্গোতে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৩, ২৫ নভেম্বর ২০২৬
ইবোলায় মৃত্যু: মরদেহ খুঁজে পাচ্ছেন না স্বজনরা,  কঙ্গোতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) ইবোলা আক্রান্ত পূর্বাঞ্চলীয় বেনি শহরে হাসপাতালে মারা যাওয়া স্বজনদের মরদেহ খুঁজে পাচ্ছেন না অনেক পরিবার। আবার কোনো কোনো পরিবার অভিযোগ করেছে, তাদের না জানিয়েই স্বজনদের দাফন করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ও বুধবার শহরের প্রধান হাসপাতালের মর্গের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন স্বজনেরা। তারা মরদেহ ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার অভিযোগ তুলে ঘটনার ব্যাখ্যা ও জবাবদিহি দাবি করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উত্তর কিভু প্রদেশের বেনি শহরের প্রধান হাসপাতালের মর্গের সামনে চলতি সপ্তাহে কয়েক ডজন মানুষ জড়ো হন। তাদের অভিযোগ, ইবোলায় আক্রান্ত হয়ে মারা যাওয়া স্বজনদের মরদেহ নিতে এসে তারা খুঁজে পাচ্ছেন না। কেউ কেউ আবার জানতে পেরেছেন, পরিবারের সদস্যদের উপস্থিতি বা সম্মতি ছাড়াই তাদের স্বজনদের দাফন করা হয়েছে।

এ পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ, দাফনকারী দল এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নিখোঁজ মরদেহ খুঁজে বের করতে কাজ করছেন বলে পরিবারগুলোকে জানিয়েছেন। তবে এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি।

মরদেহ খুঁজে না পাওয়া পরিবারগুলোর একজন মাথে কাসেরেকা। তিনি জানান, তার ১৯ বছর বয়সী ছোট ভাই ইবোলায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর মরদেহ নিতে পরিবারের সদস্যরা হাসপাতালের মর্গে যান। দাফনের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাদের একটি কফিন নিয়ে আসতে বললে তারা সেটিও কিনে নিয়ে যান।

কাসেরেকা বলেন, মর্গের কর্মীরা অন্য কয়েকটি পরিবারকে তাদের স্বজনদের মরদেহ বুঝিয়ে দেওয়ার পর তার ভাইয়ের মরদেহ খুঁজতে শুরু করেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সেটি পাওয়া যায়নি।

পরে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে তারা সেই ইবোলা চিকিৎসাকেন্দ্রে যান, যেখানে তার ভাই মারা গিয়েছিলেন। সেখানে কর্মীরা জানান, নথি অনুযায়ী মরদেহটি আগেই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরও তারা ভাইয়ের মরদেহ খুঁজে পাননি বলে জানান কাসেরেকা।

একই ধরনের অভিযোগ করেছেন রোজেট সাটোন্ডওয়া। তিনি জানান, তার ভাশুর দুই দিন আগে হাসপাতালে মারা যান। পরিবারের পরিকল্পনা ছিল মঙ্গলবার তাকে দাফন করার। কিন্তু পরে তারা জানতে পারেন, আগের দিনই তাকে দাফন করা হয়েছে।

সাটোন্ডওয়ার অভিযোগ, দাফনের আগে পরিবারকে কিছুই জানানো হয়নি। পরে স্বজনেরা কবর দেখার দাবি জানান। এ সময় মৃত ব্যক্তির স্ত্রী ও সন্তানদেরও সঙ্গে নিয়ে যান তারা।

এদিকে নিখোঁজ ১৯ বছর বয়সী তরুণের আরেক স্বজন রিচার্ড কাসেরেকা মুপান্ডা জানান, সোমবার রেড ক্রসের কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মর্গে প্রবেশ করে মরদেহ খোঁজার চেষ্টা করেন। কিন্তু তখনো সেটি পাওয়া যায়নি।

মুপান্ডার ভাষ্য, মর্গে সংরক্ষিত মরদেহগুলো পচে যেতে শুরু করায় সেগুলো শনাক্ত করা আরও কঠিন হয়ে পড়েছে। কিছু মরদেহ অন্য পরিবারের সদস্যরা নিয়ে গেছেন, নাকি সেগুলো এখনো মর্গের ভেতরে রয়েছে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ইবোলা মোকাবিলায় আস্থার সংকট

ইবোলায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ দাফনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে সাধারণত রেড ক্রসের মতো প্রতিষ্ঠানের প্রশিক্ষিত বিশেষ দল মরদেহ দাফন করে থাকে। তবে এ প্রক্রিয়ায় পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে পরিবারের কাছ থেকে কফিনও নেওয়া হয়।

ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যুর পরও তার মরদেহ থেকে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকে। বিশেষ করে মরদেহ স্পর্শ করা, গোসল করানো এবং প্রচলিত ধর্মীয় ও সামাজিক রীতিতে দাফনের সময় সংক্রমণের আশঙ্কা তৈরি হয়। এ কারণে স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়।

তবে স্বজনদের মরদেহ খুঁজে না পাওয়া কিংবা পরিবারের অজান্তে দাফনের অভিযোগ স্থানীয় মানুষের মধ্যে স্বাস্থ্যসেবার প্রতি অবিশ্বাস আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে থেকেই ইবোলা মোকাবিলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের প্রতি স্থানীয় জনগোষ্ঠীর একাংশের আস্থার সংকট রয়েছে। বিভিন্ন এলাকায় স্বাস্থ্যকর্মীরা সন্দেহ ও বাধার মুখেও পড়েছেন।

বেনিতে বাড়ছে ইবোলা সংক্রমণ ও মৃত্যু

কঙ্গো সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে দেশটির অন্যান্য এলাকার তুলনায় বেনি শহরে সবচেয়ে বেশি নতুন ইবোলা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময়ে দেশটিতে রিপোর্ট হওয়া নতুন সংক্রমণের প্রায় এক-পঞ্চমাংশই এ শহরের।

সরকারি পরিসংখ্যান বলছে, গত মে মাসে বর্তমান প্রাদুর্ভাব শুরুর পর থেকে বেনি শহরে এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন প্রায় ৬৫০ জন।

সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মীরা কাজ চালিয়ে গেলেও মরদেহ ব্যবস্থাপনা নিয়ে অনিয়মের অভিযোগ এবং স্থানীয় মানুষের অবিশ্বাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে ইবোলা মোকাবিলায় চিকিৎসা ও সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি স্থানীয় মানুষের আস্থা ফিরিয়ে আনাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!