ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
মহাসড়কে নিরাপত্তার শঙ্কা ও যাত্রী সংকটের কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সহসভাপতি শাহজাহান মিনা কালের কণ্ঠকে এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার ও সোমবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সড়কে সহিংসতা ও যানবাহনের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিকল্প পথে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছিল খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।
পরিকল্পনা অনুযায়ী, গোপালগঞ্জ এড়িয়ে আরিচা ঘাট হয়ে বাস চলাচলের কথা ছিল। তবে রোববার সকালে সড়কে নিরাপত্তার শঙ্কা ও যাত্রী সংকটের কারণে বাগেরহাট থেকে সব ধরনের দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়। তবে জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
বাগেরহাট বাসস্ট্যান্ডের দোলা পরিবহনের কাউন্টার ম্যানেজার নাঈম শেখ বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সহিংসতার ঘটনা ঘটছে। এ কারণে বাগেরহাট থেকে দোলা পরিবহনের সব বাস চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি ঢাকাগামী যাত্রীর সংখ্যাও খুব কম।
বাসস্ট্যান্ডে আসা ঢাকাগামী যাত্রী সলেমান হাওলাদার বলেন, জরুরি প্রয়োজনে তাকে ঢাকায় যেতে হবে। কিন্তু মোড়েলগঞ্জ থেকে বাগেরহাটে এসেও ঢাকাগামী কোনো বাস পাননি। তাই লোকাল বাসে করে খুলনায় যাচ্ছেন। সেখানে ঢাকাগামী বাস পেলে তাতে করে ঢাকা যাবেন।
এদিকে, বাগেরহাটের মোল্লাহাটে মধুমতী সেতুর টোলপ্লাজা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন জানান, গতকালের সহিংসতার ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।