ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
মানুষের ভেতরে একটা অদৃশ্য সীমারেখা থাকে
- বাতাস ক্ষমা চেয়েছে ঠিকই, তবে গাছের সব পাতা ঝরে যাওয়ার পর...!
জীবনের কিছু সত্য বড্ড নির্মম। কিছু উপলব্ধি আসে বড্ড দেরিতে, কিছু অনুশোচনা জন্ম নেয় সবকিছু হারিয়ে ফেলার পর, আর কিছু ক্ষমা চাওয়ার কোনো অর্থই থাকে না—কারণ ততক্ষণে যা হারানোর, তা হারিয়ে গেছে।অনেক সময় আমরা সেটা বুঝতেও পারি না কতটা ক্ষতি হয়ে গিয়েছে।
বাতাস হয়তো একসময় গাছকে প্রচণ্ড আঘাত করেছে। তার ডালপালা কাঁপিয়েছে, একে একে ছিঁড়ে নিয়েছে সবুজ পাতাগুলো। অথচ গাছটি প্রতিটি ঝড়ের পরও দাঁড়িয়ে থেকেছে, নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে, আবারও সবুজ হওয়ার অপেক্ষায় থেকেছে। কিন্তু একটা সময় আসে, যখন তার আর কোনো পাতা অবশিষ্ট থাকে না।
তখন সেই বাতাসই হয়তো অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে আসে। কিন্তু প্রশ্ন হলো, যে ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতির দায় কি শুধু ক্ষমা চেয়েই শেষ করা যায়?
- মানুষের সম্পর্কগুলোও অনেকটা এমন। আমরা অনেক সময় বুঝতেই চাই না, আমাদের সামান্য অবহেলা, কিছু অসংবেদনশীল কথা, অযত্ন কিংবা অহংকার অন্য একজন মানুষের ভেতরে কতটা গভীর ক্ষত তৈরি করছে।
আমরা ধরে নিই, মানুষটি তো আছেই, অভিমান করলেও ফিরে আসবে, কষ্ট পেলেও মানিয়ে নেবে, অবহেলা করলেও অপেক্ষা করবে। তার সহ্য করার ক্ষমতাকে আমরা তার দুর্বলতা ভেবে বসি। তার নীরবতাকে সম্মতি মনে করি, আর তার ভালোবাসাকে সহজলভ্য ভেবে তার মূল্য দিতে ভুলে যাই।
অথচ প্রতিটি মানুষের ভেতরেই একটা অদৃশ্য সীমারেখা থাকে। একটা সময় পর্যন্ত সে অপেক্ষা করে, বোঝার চেষ্টা করে, মানিয়ে নেয়, নিজের কষ্টগুলো আড়াল করে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখে। কিন্তু দিনের পর দিন একই আচরণের পুনরাবৃত্তি যখন তার সমস্ত অনুভূতিকে ক্লান্ত করে দেয়, তখন সে আর প্রতিবাদও করে না। অভিযোগও করে না। এমনকি অধিকার নিয়ে প্রশ্ন তোলার আগ্রহটুকুও হারিয়ে ফেলে।
- সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, মানুষ যখন বদলে যায়, তখন আমরা তার পরিবর্তনটুকু দেখতে পাই; কিন্তু সেই পরিবর্তনের পেছনে জমে থাকা অসংখ্য অবহেলা, অপমান, অভিমান আর না বলা কথাগুলো দেখতে পাই না।হয়তো দেখতে চাই ও না।
একসময় যে মানুষটি সামান্য কথায় আনন্দিত হতো, সে আর কোনো কথার অপেক্ষায় থাকে না। যে মানুষটি একটু সময় পাওয়ার জন্য ব্যাকুল ছিল, সে নিজের সময়টুকু নিজের মতো করে কাটাতে শিখে যায়। যে মানুষটি বারবার সম্পর্কের ভাঙন ঠেকাতে চেয়েছিল, সে একদিন দূরত্বকেই মেনে নিতে শেখে। তখন তাকে ফিরিয়ে আনার জন্য হাজারটা ব্যাখ্যা, শত শত অনুশোচনা কিংবা একগুচ্ছ ক্ষমা চাওয়াও যথেষ্ট নাও হতে পারে।
কারণ ক্ষমা করে দেওয়া আর আগের জায়গায় ফিরে যাওয়া এক বিষয় নয়। মানুষ কাউকে ক্ষমা করেও তার কাছ থেকে দূরে থাকতে পারে। পুরোনো সম্পর্কের প্রতি সম্মান রেখেও নতুন করে কোনো প্রত্যাশা তৈরি না করতে পারে। কারণ একবার বিশ্বাসের জায়গাটি নষ্ট হয়ে গেলে, সেখানে আবার আগের মতো নিশ্চিন্তে দাঁড়ানো সহজ নয়।
- আমাদের মনে রাখা উচিত, মানুষকে হারানোর পর তার মূল্য বুঝতে পারার চেয়ে মানুষটি পাশে থাকতেই তার মূল্য বুঝতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনুতপ্ত হওয়ার আগে সচেতন হওয়া, ক্ষমা চাওয়ার আগে কাউকে কষ্ট না দেওয়া এবং হারিয়ে ফেলার আগে যত্ন নিতে শেখাটাই প্রকৃত প্রজ্ঞা।
কারও জীবনে এমন বাতাস হয়ে উঠবেন না, যে ঝড় তুলে সবকিছু এলোমেলো করে দেওয়ার পর শান্ত হয়ে ক্ষমা চাইতে আসে। কারণ সব গাছের পক্ষে আবার নতুন পাতা মেলে ধরা সম্ভব হয় না। কিছু গাছ বেঁচে থাকে ঠিকই, কিন্তু তাদের আগের সেই সবুজ সৌন্দর্য আর ফিরে আসে না।
এটা মনে রাখা জরুরী সময় থাকতে দেওয়া যত্নের মূল্য আছে, সময় থাকতে বলা ভালোবাসার অর্থ আছে, সময় থাকতে চাওয়া ক্ষমার গুরুত্ব আছে। কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়ার পর অনুশোচনা প্রকাশ করাটা অনেক সময় শুধু নিজের অপরাধবোধ কমায়, অন্যের হারিয়ে যাওয়া পৃথিবীটা ফিরিয়ে দেয় না।
বাতাস ক্ষমা চেয়েছে ঠিকই, কিন্তু গাছের সব পাতা ঝরে যাওয়ার পর। আর গাছটি হয়তো ক্ষমাও করে দিয়েছে, শুধু আগের মতো পাতায় পাতায় সবুজ হয়ে ওঠার ইচ্ছেটুকু আর অবশিষ্ট নেই...!
লেখক : উর্মী রহমান সোনিয়া, প্রভাষক
গার্হস্থ্য বিজ্ঞান, ডাঃ সাইফুল ইসলাম ডিগ্রি কলেজ, কাটগড়া, মহেশপুর, ঝিনাইদহ।