ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ভূমিকম্পে কেঁপে উঠল লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুটি উড়োজাহাজের অবতরণ বাতিল করে সেগুলোকে আবার আকাশে ওড়ার নির্দেশ দেন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা।
পরে উড়োজাহাজ দুটি নিরাপদে বিমানবন্দরে অবতরণ করে।
স্থানীয় সময় শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ম্যানহাটন বিচ উপকূল থেকে প্রায় ছয় মাইল দূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
ভূমিকম্পের সময় ক্যানসাস সিটি থেকে আসা ডেল্টা এয়ারলাইনসের একটি ফ্লাইট লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। কম্পন অনুভূত হওয়ার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলার উড়োজাহাজটির অবতরণ বাতিল করে পুনরায় আকাশে ওড়ার নির্দেশ দেন।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিওতে কন্ট্রোলারকে বলতে শোনা যায়, ‘ডেল্টা ১৯৭২, গো অ্যারাউন্ড। আমাদের এখানে বড় ধরনের ভূমিকম্প হচ্ছে।’ নির্দেশনা মেনে পাইলট অবতরণ প্রক্রিয়া বাতিল করেন।
পরে উড়োজাহাজটি মালিবু ও লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রীয় এলাকার আকাশে চক্কর দিয়ে স্থানীয় সময় সকাল ১০টা ১ মিনিটে নিরাপদে অবতরণ করে।
একই সময়ে সিয়াটল থেকে আসা ডেল্টা এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটকেও সতর্কতামূলকভাবে অবতরণ বাতিল করে আবার আকাশে ওড়ার নির্দেশ দেওয়া হয়। সেটিও কিছুক্ষণ পর নিরাপদে অবতরণ করে।
ভূমিকম্পে বিমানবন্দরের একটি টার্মিনালের ভেতরের কাচের জানালা ভেঙে যায়। বিমানবন্দরের ভিডিও ফুটেজে ভবনটির বিভিন্ন অংশ কেঁপে উঠতে দেখা গেছে।
তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে ফ্লাইট চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি। এ ঘটনায় কেউ হতাহতও হয়নি।