ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইসরায়েলে ঐক্য সরকার গঠনে নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:০৮, ২৯ নভেম্বর ২০২৬
ইসরায়েলে ঐক্য সরকার গঠনে নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক
ছবি: সংগৃহীত

ইসরায়েলে জোট সরকার গঠন নিয়ে আলোচনা করতে প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের সঙ্গে বৈঠকে বসেছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার (২৯ নভেম্বর) সকালে দেশটির উপকূলীয় শহর হার্জলিয়ার একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহু ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোটের মধ্যে কথা হয়েছে। তারা রোববার হার্জলিয়ার একটি হোটেলে বৈঠকে বসতে সম্মত হয়েছেন।

এর আগে শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পর্যায়ক্রমিক প্রধানমন্ত্রিত্বের শর্তে ঐক্য সরকার গঠনের প্রস্তাব দেন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, ক্ষমতা ভাগাভাগির চুক্তির আওতায় মেয়াদের শুরুতে আইজেনকোট প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। আর নেতানিয়াহু থাকবেন বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে।

নেতানিয়াহুর প্রস্তাবের জবাবে লিকুদ দলের আন্তরিকতা যাচাইয়ের কথা বলেন আইজেনকোট। এ জন্য দ্রুত আলোচনায় বসতে নেতানিয়াহুকে হার্জলিয়ার ড্যান আকাদিয়া হোটেলে আমন্ত্রণ জানান তিনি।

অক্টোবরের শেষ দিকে অনুষ্ঠিত ইসরায়েলের নির্বাচনে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে সব দলের সঙ্গে আলোচনা শেষে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আইজেনকোটকে সরকার গঠনের আহ্বান জানান। এরপর থেকেই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে জোট সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আইজেনকোট।

তবে আরব-ইসরায়েলি দলগুলোর ওপর নির্ভর করতে অনীহা এবং অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সমর্থন পেতে প্রয়োজনীয় সমঝোতা—এই দুই চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি।

এদিকে, ইসরায়েলের আরবভিত্তিক দল রাম পার্টির চেয়ারম্যান মনসুর আব্বাস দেশটির সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসকে প্রকাশ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন। আইজেনকোট আগে থেকেই সম্ভাব্য জোটের সব শরিকের কাছে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্ত দিয়েছিলেন।

মনসুর আব্বাসের এই বক্তব্যের ফলে আইজেনকোটের সম্ভাব্য জোটে রাম পার্টির যোগদানের পথে একটি বড় বাধা দূর হয়েছে বলে মনে করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!