ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ পেশা ও জীবন ]

থাইল্যান্ডের পর্যাপ্ততার অর্থনীতি দর্শন

আব্দুল্লাহ আল জাবির
প্রকাশিত: ১৩:১৭, ১৯ নভেম্বর ২০২৬
থাইল্যান্ডের পর্যাপ্ততার অর্থনীতি দর্শন
এই দর্শনটি কেবল কোনো তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ নেই, বরং থাইল্যান্ডের গ্রামীণ অর্থনীতি ও কৃষিতে এর দারুণ বাস্তব প্রয়োগ রয়েছে। রাজা ভূমিবল এই দর্শনের আলোকে কৃষকদের জন্য 'নিউ থিওরি এগ্রিকালচার' প্রবর্তন করেছিলেন।

থাইল্যান্ডে থাকার সুবাদে একটা চমৎকার দর্শনের সাথে খুব কাছ থেকে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। নাম Sufficiency Economy Philosophy বা পর্যাপ্ততার অর্থনীতি।

থাইল্যান্ডের সাফিশিয়েন্সি ইকোনমি দর্শন (Sufficiency Economy Philosophy বা পর্যাপ্ত অর্থনীতি) হলো প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজ প্রবর্তিত একটি উন্নয়ন কাঠামো, যা পরিমিতিবোধ, যৌক্তিকতা এবং ঝুঁকি মোকাবিলার সক্ষমতার মাধ্যমে টেকসই ও ভারসাম্যপূর্ণ উন্নয়নের ওপর জোর দেয়। বিশ্বায়ন ও অর্থনৈতিক সংকটের অভিঘাত সামলে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে স্থিতিশীলতা তৈরি করাই এর মূল লক্ষ্য।

সাধারণত আধুনিক অর্থনীতিতে আমরা উন্নয়ন বলতে বুঝি আরও বেশি উৎপাদন, আরও বেশি মুনাফা এবং লাগামহীন ভোগ। জিডিপির প্রবৃদ্ধি আর কর্পোরেট মুনাফার হিসাব করতে গিয়ে আমরা প্রায়ই ভুলে যাই আমাদের সীমাবদ্ধতা এবং প্রকৃতির সহনশীলতার কথা। 

ঠিক এই জায়গাতেই থাইল্যান্ডের এই দর্শনটি আমাদের সম্পূর্ণ ভিন্নভাবে ভাবতে শেখায়। ১৯৯৭ সালের এশিয়ান ফিন্যান্সিয়াল ক্রাইসিসে থাইল্যান্ডের অর্থনীতি যখন প্রচণ্ড ধাক্কা খেয়েছিল, তখন প্রয়াত রাজা ভূমিবল আদুলিয়াদেজ এই দর্শনকে জাতীয় উন্নয়নের মূলমন্ত্র হিসেবে সামনে নিয়ে আসেন। 

এটি মূলত বৌদ্ধ দর্শনের মধ্যমপন্থা বা পরিমিতিবোধের ওপর দাঁড়িয়ে আছে, যা ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি স্তরে ভারসাম্য বজায় রাখার কথা বলে।

এই দর্শনের মূল কাঠামোটি তিনটি আন্তঃসম্পর্কিত স্তম্ভের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। প্রথমটি হলো পরিমিতিবোধ বা মডারেশন। এর অর্থ হলো আয়ের চেয়ে বেশি ব্যয় না করা এবং প্রয়োজনের অতিরিক্ত ভোগ বা উৎপাদন না করা। 

হ্যাঁ, অতিরিক্ত ভোগ বা উৎপাদন না! এটি কোনোভাবেই কৃপণতা নয়, আবার বিলাসিতা বা অপচয়ও নয়, বরং নিজের সামর্থ্য ও প্রয়োজনের মধ্যে একটি যৌক্তিক ভারসাম্য বজায় রাখা। 

  • দ্বিতীয় স্তম্ভটি হলো যুক্তিসঙ্গততা বা রিজনেবলনেস। যেকোনো অর্থনৈতিক বা ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তার পেছনের কারণ, যৌক্তিকতা এবং দীর্ঘমেয়াদি ফলাফল গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। 

আমার আজকের একটি সিদ্ধান্ত নিজের,সমাজের এবং পরিবেশের ওপর আগামী দিনে কী প্রভাব ফেলবে তা আগে থেকেই বিবেচনায় রাখা জরুরি। 

  • তৃতীয় স্তম্ভটি হলো আত্মসুরক্ষা ব্যবস্থা বা সেলফ ইমিউনিটি। ভবিষ্যতের যেকোনো অপ্রত্যাশিত ধাক্কা, যেমন প্রাকৃতিক দুর্যোগ, বাজারদর পতন কিংবা অর্থনৈতিক মন্দা মোকাবিলার জন্য আগে থেকেই সঞ্চয় ও বিকল্প প্রস্তুতি রেখে নিজেদের সুরক্ষিত করা। আর এই তিনটি স্তম্ভকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য দুটি মৌলিক শর্ত পূরণ করতে হয়। প্রথমত সঠিক জ্ঞান, কারিগরি দক্ষতা ও দূরদর্শিতা থাকা, এবং দ্বিতীয়ত সততা, পরিশ্রম, ধৈর্য ও লোভহীন নৈতিকতা বজায় রাখা।

এই দর্শনটি কেবল কোনো তাত্ত্বিক আলোচনায় সীমাবদ্ধ নেই, বরং থাইল্যান্ডের গ্রামীণ অর্থনীতি ও কৃষিতে এর দারুণ বাস্তব প্রয়োগ রয়েছে। রাজা ভূমিবল এই দর্শনের আলোকে কৃষকদের জন্য 'নিউ থিওরি এগ্রিকালচার' প্রবর্তন করেছিলেন। 

এই মডেলের মূল কথা হলো একজন ক্ষুদ্র কৃষক তার পুরো জমিতে একটিমাত্র ফসল না ফলিয়ে জমিকে চারটি সুনির্দিষ্ট ভাগে ভাগ করবেন। জমির ত্রিশ শতাংশ থাকবে পুকুর বা জলাধারের জন্য, যেখান থেকে শুষ্ক মৌসুমে সেচের পানি পাওয়া যাবে এবং মাছ চাষ হবে। ত্রিশ শতাংশ জমিতে ধান চাষ হবে, যা কৃষকের পরিবারের সারা বছরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। 

বাকি ত্রিশ শতাংশ জমিতে বিভিন্ন অর্থকরী ফসল,শাকসবজি ও ফলমূল চাষ হবে, যা বাজারে বিক্রি করে নগদ অর্থ আসবে। আর অবশিষ্ট দশ শতাংশ জমি ব্যবহৃত হবে বসতবাড়ি,গবাদিপশু পালন এবং অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য। এর ফলে কোনো কারণে বাজারে একটি ফসলের দাম পড়ে গেলে বা খরা দেখা দিলেও কৃষক পুরোপুরি নিঃস্ব হয়ে যান না।

বাংলাদেশের প্রেক্ষাপটে এই দর্শনটি কিন্তু একেবারে নতুন কিছু নয়। আবহমান কাল ধরে আমাদের গ্রামীণ সমাজব্যবস্থায় এর চর্চা ছিল। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু আর পুকুর ভরা মাছের যে চিরায়ত বাংলার কথা আমরা জানি, তা মূলত এই স্বয়ংসম্পূর্ণতা ও পরিমিতিবোধেরই প্রতিফলন। 

কিন্তু সময়ের সাথে সাথে অতিরিক্ত মুনাফাকেন্দ্রিক বাণিজ্যিক কৃষি এবং ভোগবাদী জীবনযাত্রার চাপে আমরা আমাদের সেই চিরায়ত ভারসাম্যপূর্ণ ব্যবস্থা থেকে দূরে সরে এসেছি। সামর্থ্যের বাইরে গিয়ে ঋণ করে বড় কিছু করার প্রবণতা কিংবা পরিবেশ ও প্রকৃতির তোয়াক্কা না করে স্বল্প সময়ে সর্বোচ্চ মুনাফা তুলে নেওয়ার মানসিকতা আমাদের সামগ্রিক অর্থনীতি ও সমাজব্যবস্থাকে ভঙ্গুর করে তুলছে। 

বিশেষ করে বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব স্পষ্ট। আমাদের দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা প্রায়ই অধিক লাভের আশায় একই জমিতে বারবার একটিমাত্র ফসল বা মনোকালচারের ওপর নির্ভর করেন। ফলে মৌসুমের শেষে ফসলের সঠিক মূল্য না পেলে কিংবা আকস্মিক বন্যা বা খরায় ফসল নষ্ট হলে তাঁরা ঋণের জালে জড়িয়ে পড়েন।

থাইল্যান্ডের সাফল্য হলো, তারা এই ঐতিহ্যগত জীবনবোধকে একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত অর্থনৈতিক কাঠামোয় রূপ দিয়ে জাতীয় নীতিতে যুক্ত করতে পেরেছে। আমরাও যদি আমাদের হারিয়ে যাওয়া সেই গ্রামীণ প্রজ্ঞাকে আধুনিক কৃষি সম্প্রসারণ এবং গ্রামীণ উন্নয়ন পরিকল্পনায় নতুনভাবে যুক্ত করতে পারি, তবে চিত্রটা অনেকটাই বদলে যেতে পারে। 

কৃষকদের মধ্যে একক ফসলের পরিবর্তে সমন্বিত খামার ব্যবস্থাপনা ও জমির বহুমুখী ব্যবহার জনপ্রিয় করতে পারলে তাঁদের নিজস্ব খাদ্য নিরাপত্তা যেমন নিশ্চিত হবে, তেমনি বাজারের অস্থিরতা মোকাবিলার সক্ষমতাও বাড়বে। 

পাশাপাশি আমাদের মধ্যবিত্ত ও তরুণ প্রজন্মের মধ্যেও যদি আয়ের সাথে সংগতি রেখে ব্যয় করা, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং যেকোনো আর্থিক সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি ঝুঁকি মোকাবেলা করার সংস্কৃতি তৈরি হয়, তবে যেকোনো বৈশ্বিক বা অভ্যন্তরীণ অর্থনৈতিক ধাক্কা সামলে নেওয়া আমাদের জন্য অনেক সহজ হবে।

আসলে উন্নয়ন মানেই কেবল বিরামহীন ছুটে চলা বা অসীম চাহিদার পেছনে দৌড়ানো নয়। নিজের সামর্থ্য, নৈতিকতা এবং প্রকৃতির সাথে ভারসাম্য বজায় রেখে যেকোনো প্রতিকূলতায় টিকে থাকতে পারাটাই প্রকৃত অর্থনৈতিক সার্থকতা।

লেখক : আব্দুল্লাহ আল জাবির, সহকারী পরিচালক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন।

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!