ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

বান্দরবানে ১৫৬ যুবককে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১০, ১৯ নভেম্বর ২০২৬
বান্দরবানে ১৫৬ যুবককে যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ দিল সেনাবাহিনী
ছবি: ডেইলি বাংলাদেশ

পার্বত্য অঞ্চলের বেকার যুবকদের কারিগরি দক্ষতা বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বান্দরবানে তিন সপ্তাহব্যাপী যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি সম্প্রদায়ের মোট ১৫৬ জন যুবক অংশ নেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বান্দরবান রিজিয়নের উদ্যোগে আয়োজিত ‘বান্দরবান যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬’-এর আওতায় এ প্রশিক্ষণ শেষ হয়। ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানি ইএমই এ প্রশিক্ষণ পরিচালনা করে।

প্রশিক্ষণ শেষে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন ১৪৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানির ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন আজিজুল হাকিম শাওন।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। পরে তিনি অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন এবং তাঁদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

প্রশিক্ষণে যানবাহনের ইঞ্জিন ও বিভিন্ন যন্ত্রাংশের কার্যপদ্ধতি, নিয়মিত রক্ষণাবেক্ষণ, কারিগরি ত্রুটি শনাক্তকরণ, প্রয়োজনীয় মেরামত এবং যানবাহনের নিরাপদ ব্যবহার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়।

আয়োজকদের মতে, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় কারিগরি জ্ঞান ও বাস্তব দক্ষতা অর্জন করেছেন। এসব দক্ষতা তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনে স্বাবলম্বী হতে এবং স্থানীয় পর্যায়ে দক্ষ জনবল গড়ে তুলতে সহায়তা করবে।

একই সঙ্গে যানবাহনের সঠিক রক্ষণাবেক্ষণ, অকাল বিকল হওয়া প্রতিরোধ, মেরামত ব্যয় কমানো এবং কার্যক্ষমতা বজায় রাখতেও এ প্রশিক্ষণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বান্দরবান রিজিয়নের এ উদ্যোগকে পার্বত্য অঞ্চলের মানবসম্পদ উন্নয়ন, যুবসমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে বাংলাদেশ সেনাবাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!