ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভারতের ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:২২, ২৯ নভেম্বর ২০২৬
ভারতের ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রামগড় জেলায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) রাত আড়াইটার দিকে রাঁচি-পাটনা মহাসড়কের কুজু এলাকার পাইনকি গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

রামগড়ের মহকুমা পুলিশ কর্মকর্তা অলোক রঞ্জন বার্তা সংস্থা পিটিআইকে জানান, সামনের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর একটি স্করপিও এসইউভি বিধ্বস্ত হয়। নিহত সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. অনিল কুমার পিটিআইকে বলেন, রাত আড়াইটার দিকে আহতদের হাসপাতালে আনা হলে চিকিৎসকরা ১৩ জনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত একজন বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!