ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
পাকিস্তানের সঙ্গে ৫ বছরের বাণিজ্য চুক্তি, আসছে যেসব পণ্য
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমদানির বিকল্প উৎস বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে (জি-টু-জি) বাণিজ্যের নতুন কাঠামো তৈরি করেছে বাংলাদেশ।
চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডালসহ বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানিতে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান।
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও পাকিস্তানের ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির হাইকমিশনার ইমরান হায়দার এতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সমঝোতা অনুযায়ী, দুই দেশ নিজেদের চাহিদা অনুসারে চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ, আলু, তিল, চা, আনারস, কাঁঠাল, খেজুর ও সারসহ বিভিন্ন কৃষিপণ্য এবং কৃষি উপকরণ কেনাবেচা করতে পারবে। সম্ভাব্য ভোজ্যতেলের তালিকায় রয়েছে সয়াবিন, ক্যানোলা, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিন।
তবে সমঝোতা স্মারক স্বাক্ষরের অর্থ এখনই আমদানি শুরু হওয়া নয়। কোন পণ্য কত পরিমাণে, কী দামে এবং কখন সরবরাহ করা হবে, তা পণ্যভিত্তিক পৃথক চুক্তির মাধ্যমে চূড়ান্ত হবে।
অর্থাৎ, নতুন এই উদ্যোগে আমদানির সুযোগ তৈরি হলেও বাজারে পণ্যের দাম কমবে কি না, তা নির্ভর করবে প্রকৃত ক্রয়, সরবরাহ ও আমদানি ব্যয়ের ওপর।
বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘এতে দুই দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সরাসরি বাণিজ্যের সুযোগ বাড়বে। পণ্যের মান, পরিমাণ, সরবরাহের সময়সূচি ও আর্থিক বিষয় নিয়ে দুই প্রতিষ্ঠান সরাসরি আলোচনা করে লেনদেনের শর্ত চূড়ান্ত করতে পারবে। চুক্তি বাস্তবায়নে নিয়মিত যোগাযোগ ও দুই দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা গুরুত্বপূর্ণ।’
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, ‘বাংলাদেশের চাহিদা অনুযায়ী পাকিস্তান কৃষিপণ্য সরবরাহে প্রস্তুত। পাকিস্তানে বাসমতি চাল, পেঁয়াজ, আলু ও মসলাসহ বিভিন্ন কৃষিপণ্যের উদ্বৃত্ত মজুত রয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের বাণিজ্য, শিক্ষা ও যোগাযোগে সহযোগিতা বেড়েছে।’
তিনি জানান, বাংলাদেশ থেকে আমদানি করা হাইড্রোজেন পারঅক্সাইডের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার করেছে পাকিস্তান। পাশাপাশি বাংলাদেশ থেকে বছরে ১০ হাজার মেট্রিক টন চা আমদানিতে শুল্কমুক্ত কোটা বহাল রয়েছে। গত অক্টোবরে ঢাকা থেকে বাংলাদেশি আনারসের প্রথম চালান করাচিতে পৌঁছেছে বলেও জানান তিনি।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, ‘সমঝোতাকে বাস্তব বাণিজ্যে রূপ দিতে হবে। পণ্য চিহ্নিত করা, প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ, মান নিশ্চিত করা এবং সময়মতো সরবরাহের জন্য দুই প্রতিষ্ঠান কাজ করবে।’
নতুন সমঝোতার গুরুত্ব বাড়ছে টিসিবির চলতি অর্থবছরের ক্রয় পরিকল্পনার কারণে। ২০২৬-২৭ অর্থবছরে প্রায় আট হাজার কোটি টাকার নিত্যপণ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
এই পরিকল্পনায় রয়েছে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা ও ৪ হাজার ৪০০ টন খেজুর।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এসব পণ্যের অর্ধেক স্থানীয় বাজার থেকে এবং বাকি অর্ধেক আন্তর্জাতিক বাজার থেকে সংগ্রহের কথা রয়েছে। বিশ্ববাজারে দাম ও সরবরাহ অনুকূলে থাকলে বিদেশ থেকে কেনাকাটা বাড়ানোর সুযোগও রয়েছে।
টিসিবি সাধারণত উন্মুক্ত দরপত্রের মাধ্যমে পণ্য সংগ্রহ করে। তবে প্রয়োজন ও সরকারি ক্রয়বিধি অনুযায়ী সরাসরি কেনার সুযোগও রয়েছে। পাকিস্তানের সঙ্গে নতুন সমঝোতা সরাসরি সরকারি বাণিজ্যের ক্ষেত্রে একটি প্রাতিষ্ঠানিক পথ তৈরি করবে।