ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মহাকাশে পাকিস্তানি নভোচারীর সঙ্গে কথা বললেন শেহবাজ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:২৭, ২৯ নভেম্বর ২০২৬
মহাকাশে পাকিস্তানি নভোচারীর সঙ্গে কথা বললেন শেহবাজ
সংগৃহীত ছবি

চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে অবস্থানরত পাকিস্তানের প্রথম মহাকাশচারী উইং কমান্ডার মুহাম্মদ জিশান আলীর সঙ্গে সরাসরি কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবার (২৮ নভেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর সদর দপ্তর থেকে এ যোগাযোগ স্থাপন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী ও সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার এবং পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইদং।

গত ২৫ নভেম্বর চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে শেনঝৌ-২৪ মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। ওই মহাকাশযানে চড়ে মহাকাশে যান উইং কমান্ডার জিশান আলী। এর মধ্য দিয়ে তিনি পৃথিবীর কক্ষপথে যাওয়া প্রথম পাকিস্তানি এবং চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে যোগ দেওয়া প্রথম বিদেশি নভোচারী হিসেবে ইতিহাস গড়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই অভিযানে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে উন্নত উপকরণ, কৃষি ও জীববিজ্ঞান বিষয়ে চারটি বৈজ্ঞানিক পরীক্ষাসহ বিভিন্ন গবেষণায় অংশ নিচ্ছেন তিনি।

কথোপকথনের সময় শেহবাজ শরিফ এ অর্জনে গর্ব প্রকাশ করেন। তিনি বলেন, এ অভিযান থেকে পাওয়া জ্ঞান ও অভিজ্ঞতা বিজ্ঞান, প্রযুক্তি এবং মহাকাশ গবেষণায় পাকিস্তানের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। পাশাপাশি এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও উদ্ভাবনে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অভিযানে সহযোগিতার জন্য চীনের প্রশংসা করে শেহবাজ শরিফ বলেন, কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিতে পাকিস্তান ও চীনের বন্ধুত্ব এখন আকাশকেও ছাড়িয়ে গেছে। এ ছাড়া সুপারকো, পাকিস্তানি বিজ্ঞানী, শিক্ষাপ্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর অবদানের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

অনুষ্ঠানে ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির নভোচারী জিশান আলীকে অভিনন্দন জানান। চীনের মহাকাশ স্টেশনে তার উপস্থিতিকে দুই দেশের কৌশলগত অংশীদারত্বের প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি।

এই যৌথ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে মানব মহাকাশযাত্রা, বৈজ্ঞানিক গবেষণা ও উন্নত প্রযুক্তিতে দুই দেশের সহযোগিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!