ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার ৫ কেন্দ্র স্থানান্তর
গোপালগঞ্জে এইচএসসি সম্পূরক পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ না থাকায় জেলার পাঁচটি কেন্দ্রের পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসব কেন্দ্রের পরীক্ষার্থীদের মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে পরীক্ষা দিতে হবে।
রোববার (২৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
বোর্ডের ভাষ্য, গোপালগঞ্জে পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ না থাকায় পাঁচটি কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থীদের মাদারীপুরের রাজৈর উপজেলার গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে পরীক্ষা দিতে হবে।
কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে।
এ ছাড়া কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের রাজৈর সরকারি কলেজে এবং টুঙ্গিপাড়া ও মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে।