ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
চিকিৎসা মিললেও ওষুধ নেই, ভোগান্তিতে রোগীরা
ভোলার দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই সপ্তাহ ধরে প্রয়োজনীয় ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়া এবং বহির্বিভাগে রোগীর চাপ বেড়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসেও প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না রোগীরা। বিশেষ করে দরিদ্র ও নিম্নআয়ের মানুষকে ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ বাইরে থেকে কিনতে গিয়ে বাড়তি আর্থিক চাপ সামলাতে হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ জন রোগী ভর্তি থাকেন। পাশাপাশি বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন ১৫০ থেকে ২০০ জন। বিপুলসংখ্যক রোগীর তুলনায় ওষুধের সরবরাহ পর্যাপ্ত না থাকায় সংকট আরও প্রকট হয়ে উঠেছে।
স্টোরকিপার সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে ইডিসিএল কোম্পানি থেকে সর্বশেষ ওষুধ সরবরাহ করা হয়। এরই মধ্যে অনেক প্রয়োজনীয় ওষুধের মজুত শেষ হয়ে গেছে। আগামী মাসে প্রতিষ্ঠানটি আবারও ওষুধ সরবরাহ করতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে প্যারাসিটামল, হিস্টাসিন, আয়রন, গ্যাস্ট্রিক ও ক্যালসিয়াম ট্যাবলেটসহ বেশ কিছু প্রয়োজনীয় ওষুধের মজুত নেই। ফলে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ সংগ্রহ করতে রোগীদের বাইরের ফার্মেসির ওপর নির্ভর করতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন অসচ্ছল রোগীরা।
মো. সাদ্দাম নামে এক ব্যক্তি বলেন, তার চার বছর বয়সী ছেলে জ্বর ও ঠান্ডায় আক্রান্ত। ছেলেকে নিয়ে হাসপাতালে এসেছেন, কিন্তু প্রয়োজনীয় অনেক ওষুধ পাননি। কিছু ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। সরকারি হাসপাতালে এসেও ওষুধ না পাওয়ায় তাকে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসির দায়িত্বে থাকা ওটি অ্যাটেনডেন্ট জহুরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে ওষুধের সংকট চলছে। প্রতিদিন দেড়শ থেকে দুইশ রোগী চিকিৎসা নিতে এলেও মাত্র ৭০ থেকে ৮০ জনকে ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু পর্যাপ্ত মজুত না থাকায় সবাইকে চাহিদা অনুযায়ী ওষুধ দেওয়া যাচ্ছে না।
এ বিষয়ে দৌলতখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আনিসুর রহমান বলেন, ইডিসিএল থেকে ওষুধ সরবরাহ না পাওয়ায় হাসপাতালে এ সংকট দেখা দিয়েছে। আগামী মাসে ওষুধ সরবরাহ পাওয়া গেলে সংকট কেটে যাবে বলে আশা করছি।