ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
দক্ষ জনবল গড়তে প্রশিক্ষণ চলছে: নৌবাহিনী প্রধান
একটি শক্তিশালী নৌবাহিনীর জন্য শুধুমাত্র শক্তিশালী নৌবহর যথেষ্ট নয়,দরকার দক্ষ ও উচ্চক্ষমতা সম্পন্ন জনবল। দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। উপকুলের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষায় বানৌজা শের-ই- বাংলা নৌঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এ ঘাঁটি সুযোগ্য নাবিক তৈরির সূতিকাগার হিসেবে কাজ করছে।
রোববার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২৬ ব্যাচের ৪৬৭ জন নবীন নাবিকের ২২ সপ্তাহের বুটক্যাম্প প্রশিক্ষণের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।
এসময় তিনি আরো বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর অগ্রযাত্রায় নৌ-সদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি শক্তিশালী ও সমৃদ্ধ নৌবাহিনী বহির্বিশ্বেও সুনাম অর্জন করেছে।
এর আগে বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে প্যারেড পরিদর্শন ও অবিভাদন গ্রহণ করেন নৌ প্রধান। পরে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মোঃ সেজান মাহমুদ পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে 'নৌপ্রধান পদক' লাভ করে। মোঃ মুজাহিদুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করে 'কমখুল পদক' এবং মোঃ শাকিল হাসান তৃতীয় স্থান অধিকার করে 'শের-ই-বাংলা পদক' লাভ করে।
এ অনুষ্ঠানের মাধ্যমে নবীন নাবিকগণ বাংলাদেশ নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয় এবং দেশ ও জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ গ্রহণ করেন।
মনোজ্ঞ এ বুটক্যাম্প প্রশিক্ষণের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসওগণ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।##