ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]
এক কিলোমিটার পথ যেতে ঘুরতে হচ্ছে পাঁচ কিলোমিটার

লালমোহনে পাঁচ মাসেও ধসে পড়া ব্রিজ পুনর্নির্মাণের উদ্যোগ নেই

হাসান পিন্টু, লালমোহন (ভোলা)
প্রকাশিত: ১৪:৫৬, ২৯ নভেম্বর ২০২৬
লালমোহনে পাঁচ মাসেও ধসে পড়া ব্রিজ পুনর্নির্মাণের উদ্যোগ নেই
লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার আজহার উদ্দির রোডের ভেঙে পড়া ব্রিজ। ছবি: ডেইলি বাংলাদেশ

এক কিলোমিটার পথ পাড়ি দিতে এখন ঘুরতে হচ্ছে পাঁচ কিলোমিটার। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত; সব ক্ষেত্রেই পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

ভোলার লালমোহন উপজেলার বেতুয়া খালের ওপর নির্মিত ব্রিজটি ধসে পড়ায় এমন দুর্ভোগে পড়েছেন রমাগঞ্জ, ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের হাজার হাজার মানুষ। ব্রিজটি ভেঙে পড়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি পুনর্নির্মাণের কাজ। স্থানীয়রা ভাঙা অংশে সুপারি গাছ ফেলে তৈরি করেছেন অস্থায়ী সাঁকো। ঝুঁকি নিয়েই সেটি দিয়ে খাল পারাপার হচ্ছেন পথচারীরা।

জানা গেছে, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার ডা. আজাহার উদ্দিন সড়কের পূর্ব পাশে বেতুয়া খালের ওপর ব্রিজটির অবস্থান। প্রায় দুই যুগ আগে নির্মিত ৪৫ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের লোহার ব্রিজটি ছিল রমাগঞ্জ ইউনিয়নের সঙ্গে ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। এ ব্রিজ দিয়ে স্থানীয় বাসিন্দারা হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যাতায়াত করতেন।

চলতি বছরের ২৩ জুন বালুভর্তি একটি ট্রাক ব্রিজটি পার হয়ে ধলীগৌরনগর ইউনিয়নের দিকে যাওয়ার সময় বিকট শব্দে সেটি ভেঙে খালে পড়ে যায়। এতে ট্রাকচালক নিহত এবং তার সহকারী আহত হন। দুর্ঘটনার পর থেকেই ব্রিজটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। পরে স্থানীয়রা যাতায়াতের সুবিধার্থে ভাঙা অংশে সুপারি গাছ ফেলে অস্থায়ী সাঁকো তৈরি করেন। তবে এটি দিয়ে শুধু ঝুঁকি নিয়ে হেঁটে পারাপার হওয়া সম্ভব। কোনো যানবাহন চলাচল করতে না পারায় এক কিলোমিটারের পথ যেতে সড়কপথে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. মফিজ, নূরুল ইসলাম ও মো. কবির বলেন, ব্রিজটি ছিল বেতুয়া খালের দুই পাড়ের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। এটি ভেঙে যাওয়ায় এক কিলোমিটারের পথ যেতে এখন পাঁচ কিলোমিটার ঘুরতে হচ্ছে। কোনো রোগী গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। এ পথে অ্যাম্বুলেন্স চলাচলের কোনো সুযোগ নেই। সুপারি গাছ দিয়ে তৈরি অস্থায়ী সাঁকোটি দিয়ে কোনোরকমে হেঁটে পার হওয়া গেলেও সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে শিশু, শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের চলাচলে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভারী মালামাল ও কৃষিযন্ত্র পারাপারও সম্ভব হচ্ছে না। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সেখানে সতর্কতামূলক কোনো সাইনবোর্ড ছিল না। ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। আগে থেকেই ব্রিজটির ঝুঁকিপূর্ণ অবস্থা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে এমন দুর্ঘটনা ঘটত না।

এ বিষয়ে লালমোহন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান বলেন, প্রকল্প অনুমোদন ছাড়া উন্নয়নকাজ শুরু করার সুযোগ নেই। প্রায় ৪৫ মিটার দৈর্ঘ্যের ব্রিজটি নির্মাণে আনুমানিক আড়াই থেকে তিন কোটি টাকা ব্যয় হতে পারে। এ জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রিজটি পুনর্নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে ব্রিজটির মাটি পরীক্ষা ও ভূ-উপরিতল জরিপ সম্পন্ন হয়েছে। নকশা প্রণয়নের জন্য প্রয়োজনীয় প্রতিবেদনও সদর দপ্তরে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ব্রিজটির পুনর্নির্মাণকাজ শুরু করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!