ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভারতে পালিয়ে আবার দেশে ফেরার সময় সাতক্ষীরা সীমান্তে যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪২, ২৯ নভেম্বর ২০২৬
ভারতে পালিয়ে আবার দেশে ফেরার সময় সাতক্ষীরা সীমান্তে যুবক আটক
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার কথা জানিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর সাতক্ষীরা সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে প্রবেশের সময় প্রান্ত তালুকদার (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী সীমান্তের ১৩/৪ এস নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের হিজলদী সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন।

আটক প্রান্ত তালুকদার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামের উত্তম তালুকদারের ছেলে।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রান্ত জানিয়েছেন, গত ২৬ নভেম্বর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তিনি। পরে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি গ্রামে অবস্থান করেন। শনিবার সেখান থেকে বাংলাদেশে ফেরার সময় বিজিবির হাতে আটক হন তিনি।

বিজিবির ভাষ্য অনুযায়ী, প্রান্ত ২০২৫ সালে গোপালগঞ্জের গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তবে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পরে তাকে ওই পদ থেকে বহিষ্কার করা হয়।

জিজ্ঞাসাবাদে প্রান্ত আরও জানান, গত ১৯ ও ২০ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী মিছিলে অংশ নেন তিনি। ওই সময় বিভিন্ন স্থানে ভাঙচুরের সঙ্গেও জড়িত ছিলেন বলে বিজিবিকে জানিয়েছেন।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, আটকের পর অধিকতর জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রান্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!