ঢাকা,  রোববার   ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাছের গুঁড়িতে সড়ক অবরোধ, লকডাউনে অবরুদ্ধ গোপালগঞ্জ

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৭, ২৯ নভেম্বর ২০২৬
গাছের গুঁড়িতে সড়ক অবরোধ, লকডাউনে অবরুদ্ধ গোপালগঞ্জ
ছবি: ডেইলি বাংলাদেশ

গাছের গুঁড়ি ও পল্লী বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ, কোথাও জ্বলছে টায়ার, কোথাও গাছের গুঁড়িতে আগুন। লাঠি, হকিস্টিক ও লগি-বৈঠা হাতে সড়কে অবস্থান করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বন্ধ দোকানপাট, থেমে আছে যানবাহন। জরুরি প্রয়োজনেও ঘর থেকে বের হতে পারছেন না অনেকে। আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচির প্রথম দিনে এমন পরিস্থিতি তৈরি হয়েছে গোপালগঞ্জজুড়ে।

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে জেলার প্রধান সড়কসহ অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় কার্যত অচলাবস্থা সৃষ্টি হয়। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ, গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ-কোটালীপাড়া এবং কোটালীপাড়া-রাজৈর সড়কসহ বিভিন্ন পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।

শনিবার রাত ১২টার পর কর্মসূচি শুরু হলেও এর প্রভাব পড়ে আরও আগে। রাত ১০টার পর দেশের বিভিন্ন স্থান থেকে আসা মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস গোপালগঞ্জে আটকা পড়ে। পরে চালকেরা জেলা শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে যানবাহন রেখে অপেক্ষা করতে থাকেন।

বরিশাল থেকে কাঠ নিয়ে খুলনার রূপদিয়াগামী ট্রাকচালক শরিফুল বলেন, ‘গতকাল রাত ১০টার দিকে গোপালগঞ্জ এসে আটকা পড়েছি। লকডাউন শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকতে হবে।’

জেলা শহরের লঞ্চঘাট, ঘোনাপাড়া, মান্দ্রাতলা ও বেদগ্রাম এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। তাঁদের অনেকের হাতে লাঠি, লগি-বৈঠাসহ দেশীয় সরঞ্জাম দেখা যায়। সকাল সাড়ে ১০টার দিকে মান্দ্রাতলা এলাকায় বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টহল দল নেতাকর্মীদের অনুরোধে ফিরে যায়।

টুঙ্গিপাড়ায়ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ সৃষ্টি করা হয়। নিলফা বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড, জিটি স্কুলের সামনে, পাম্পের সামনে, নতুন বাজার, মল্লিকের মাঠ, সিঙ্গিপাড়া ও রামচন্দ্রপুর এলাকায় সড়কে অবস্থান নেন নেতাকর্মীরা। পাটগাতী বাসস্ট্যান্ড মোড়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মিছিল করেন। শরীয়তপুরের পদ্মা সেতু প্রান্তে আওয়ামী লীগ কর্মী ইব্রাহিম নিহতের প্রতিবাদে তাঁরা ‘আমার ভাই ইব্রাহিম মরলো কেন, জবাব চাই’ স্লোগান দেন।

কোটালীপাড়ায় মাঝবাড়ি, তাড়াশি, মহুয়া মোড়, ওয়াবদার হাট, রাধাগঞ্জ, ভাঙ্গারহাট, কলাবাড়ি ও পিঞ্জুরীসহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের পশ্চিমপাড়ার দলীয় কার্যালয়ে সমবেত হন। সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম হাজরা বলেন, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আজ ও আগামীকালের লকডাউন সফলভাবে সম্পন্ন করবেন তাঁরা। শেখ হাসিনা দেশে না আসা পর্যন্ত তাঁদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

রাজনৈতিক কর্মসূচির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। বন্ধ রয়েছে যানবাহন চলাচল। ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। মাধ্যমিক বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে।

কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন মডেল স্কুলের প্রধান শিক্ষক সুরেশ কুমার দাস জানান, রোববার গণিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে না আসায় তা নেওয়া সম্ভব হয়নি। সোমবারও একই পরিস্থিতি থাকলে দুই দিনের পরীক্ষা পরবর্তী সময়ে নেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা উপস্থিত থাকলেও শিক্ষার্থীদের অনুপস্থিতিতে পাঠদান বন্ধ রয়েছে।

তবে ওষুধের দোকান, খাবারের দোকান, হাসপাতাল ও ক্লিনিকসহ জরুরি সেবার কিছু প্রতিষ্ঠান খোলা রয়েছে।

অন্যদিকে, লকডাউনের প্রথম দিন দুপুর পর্যন্ত জেলার কোথাও সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে জেলা শহর ও উপজেলা পর্যায়ের সড়কে পুলিশ, বিজিবি কিংবা আনসার সদস্যদের দৃশ্যমান উপস্থিতি ছিল না।

একদিকে রাজনৈতিক কর্মসূচি ঘিরে সড়কে অবরোধ ও বিক্ষোভ, অন্যদিকে সাধারণ মানুষের চলাচল, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা। সব মিলিয়ে গোপালগঞ্জে তৈরি হয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। ৪৮ ঘণ্টার কর্মসূচির প্রথম দিনেই জনজীবনে এর ব্যাপক প্রভাব পড়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!