ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
গোপালগঞ্জে বন্ধ বিকাশ-নগদের লেনদেন, বিপাকে লাখো গ্রাহক
দিনমজুর সেলিম শেখ, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তাড়াশী গ্রামের এই বাসিন্দার ছেলে থাকেন প্রবাসে। পরিবারের খরচ মেটাতে ছেলের পাঠানো টাকাই তার একমাত্র ভরসা। হঠাৎ বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় সেই টাকাও এখন তার নাগালের বাইরে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর থেকে নিজের বিকাশ অ্যাকাউন্টে লেনদেন করতে পারছেন না সেলিম শেখ। ছেলের পাঠানো টাকা তুলতে গিয়ে দেখেন অ্যাকাউন্টটি বন্ধ। সমস্যার সমাধান পেতে কাস্টমার কেয়ারে ছুটে যান তিনি। কিন্তু সেখানে গিয়েও পাননি কোনো সেবা। কাস্টমার কেয়ারও বন্ধ থাকায় টাকা তুলতে না পেরে বিপাকে পড়েছেন এই দিনমজুর।
সেলিম শেখের মতো এমন পরিস্থিতিতে পড়েছেন গোপালগঞ্জের শত শত গ্রাহক। কারও অ্যাকাউন্টে রয়েছে সংসার চালানোর টাকা, কারও প্রয়োজন চিকিৎসার খরচ, আবার কারও প্রতিদিনের ব্যবসার পুঁজি। কিন্তু মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় প্রয়োজনের সময় নিজেদের টাকাই ব্যবহার করতে পারছেন না তারা।
বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্টের দোকান বন্ধ। যেসব দোকান খোলা রয়েছে, সেখানেও হচ্ছে না কোনো ধরনের লেনদেন। বন্ধ রয়েছে জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার ও অধিকাংশ ডিস্ট্রিবিউশন অফিস। সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন গ্রাহকরা।
কোটালীপাড়ার ঘাঘর বাজারের দাড়িয়া সুপারমার্কেটে বিকাশ কাস্টমার কেয়ারে গিয়েও ফিরে আসতে হয়েছে হেলেনা বেগমকে। তার স্বামী ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। সংসারের প্রয়োজন মেটাতে স্বামীর পাঠানো টাকাই তার ভরসা। বুধবার রাত ৯টার দিকে হঠাৎ বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় জরুরি প্রয়োজনে টাকা তুলতে পারেননি তিনি। বৃহস্পতিবার সকালে কাস্টমার কেয়ারে গিয়ে দেখেন সেটিও বন্ধ। টাকা তুলতে না পেরে ফিরে আসতে হয় তাকে। সংসারের জরুরি প্রয়োজন কীভাবে মেটাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই গৃহবধূ।
ঘাঘর বাজারের কাস্টমার কেয়ারের সামনে কথা হয় আরেক গৃহবধূ লাভলীর সঙ্গে। তিনিও একই সমস্যায় ভুগছেন। প্রয়োজনের টাকা তুলতে এসে বন্ধ কাস্টমার কেয়ারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। টাকা তুলতে না পারায় কীভাবে জরুরি প্রয়োজন মেটাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
কাস্টমার কেয়ারের সামনে অপেক্ষমাণ গ্রাহক জিল্লুর রহমান বলেন, সকাল থেকে টাকার জন্য ঘুরছেন তিনি। দোকানে গেলে কোথাও বলা হচ্ছে সার্ভার বন্ধ, কোথাও আবার জানানো হচ্ছে টাকা নেই। কাস্টমার কেয়ারে এসে দেখেন সেটিও বন্ধ। জরুরি চিকিৎসার প্রয়োজনে টাকা পাঠাতে না পেরে বিপাকে পড়েছেন তিনি।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রফিকুল ইসলামও পড়েছেন একই দুর্ভোগে। বুধবার রাত থেকেই তার বিকাশ অ্যাকাউন্টে লেনদেন করতে পারছেন না। কল সেন্টারে যোগাযোগ করেও কোনো তথ্য বা সমস্যার কারণ জানতে পারেননি তিনি। বৃহস্পতিবার দুপুরে তার নম্বরে একটি বার্তা আসে, যেখানে অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে বলে জানানো হয়। শিক্ষার্থী রফিকুল বলেন, বিকাশের মাধ্যমেই নিয়মিত লেনদেন করি। অ্যাকাউন্টে প্রয়োজনীয় টাকাও রয়েছে। কিন্তু এখন সেই টাকা ব্যবহার করতে পারছি না। কী কারণে অ্যাকাউন্ট বন্ধ হয়েছে, সেটিও জানতে পারছি না।
ক্ষুদ্র ব্যবসায়ী হাবিবের প্রতিদিনের ব্যবসায়িক লেনদেনও বিকাশ ও নগদের ওপর নির্ভরশীল। এজেন্ট ও ডিস্ট্রিবিউশন অফিস বন্ধ থাকায় টাকা ক্যাশ আউট করতে পারছেন না তিনি। কিছু নম্বরে এখনো লেনদেন সচল থাকায় সেগুলো ব্যবহার করে আপাতত কাজ চালাচ্ছেন। তবে এভাবে কত দিন ব্যবসা চালানো সম্ভব, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।
এদিকে বিকাশ ও নগদের কার্যক্রম বন্ধ থাকায় শুধু টাকা উত্তোলন নয়, ব্যাহত হচ্ছে জরুরি আর্থিক লেনদেনও। পরিবারের সদস্যদের কাছে টাকা পাঠানো, চিকিৎসার খরচ মেটানো কিংবা দৈনন্দিন কেনাকাটার মতো প্রয়োজনীয় কাজেও সমস্যায় পড়ছেন অনেকে। যাদের বিকল্প কোনো আর্থিক ব্যবস্থা নেই, তাদের দুর্ভোগ আরও বেশি।
এ বিষয়ে বিকাশের স্থানীয় এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক বলেন, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে আবার কার্যক্রম চালু হতে পারে বলেও জানান তিনি।
তবে বিকাশের হেড অব কর্পোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, এমএফএস বিধিমালা অনুযায়ী, কিছু অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তদন্ত শেষে এই অ্যাকাউন্টগুলো খুলে দেওয়া বা বন্ধ রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। তবে কবে নাগাদ স্বাভাবিক লেনদেন হবে হবে সে বিষয়ে কিছু নিশ্চিত করতে পারেননি বিকাশের এই কর্মকর্তা।