ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]
অর্থনৈতিক শুমারি ২০২৪-এর রিপোর্ট

১১ বছরে ভোলায় অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৭০.৪ শতাংশ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৮, ২৬ নভেম্বর ২০২৬
১১ বছরে ভোলায় অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৭০.৪ শতাংশ
ভোলায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর রিপোর্ট প্রকাশনা বিষয়ক সেমিনারে উপস্থিত অতিথিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

এক দশকের ব্যবধানে বদলে যাচ্ছে ভোলার অর্থনৈতিক কর্মকাণ্ডের চিত্র। বাড়ছে ব্যবসা-প্রতিষ্ঠান, সম্প্রসারিত হচ্ছে পারিবারিক উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য বলছে, ১১ বছরে ভোলা জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৭০ দশমিক ৪ শতাংশ। বর্তমানে জেলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৮৮৯টি। এসব কর্মকাণ্ডে সরাসরি যুক্ত রয়েছেন ২ লাখ ২১ হাজার ৬৯৪ জন।

বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর রিপোর্ট প্রকাশনা বিষয়ক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।

সেমিনারে উপস্থাপিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালে ভোলায় অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৬৯ হাজার ৭৭০টি। ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৮৮৯টিতে। বর্তমানে জেলায় ৬৯ হাজার ৫০টি স্থায়ী প্রতিষ্ঠান, ৪ হাজার ১৪৯টি অস্থায়ী প্রতিষ্ঠান এবং ৪৫ হাজার ৬৯০টি অর্থনৈতিক খানা রয়েছে। মোট অর্থনৈতিক ইউনিটের প্রায় ৩৮ দশমিক ৪৩ শতাংশ পরিবারভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। এতে স্থানীয় পর্যায়ে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে গ্রামীণ ও শহরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের তুলনামূলক চিত্রে দেখা যায়, জেলার মোট অর্থনৈতিক ইউনিটের ৬৬ দশমিক ৯৫ শতাংশ গ্রামীণ এলাকায় এবং ৩৩ দশমিক ০৫ শতাংশ শহরাঞ্চলে অবস্থিত। তবে গত ১১ বছরে শহরাঞ্চলে অর্থনৈতিক ইউনিটের অংশ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৩ সালে যেখানে শহরাঞ্চলের অংশ ছিল ১৬ দশমিক ৭৮ শতাংশ, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ০৫ শতাংশে। জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত ২ লাখ ২১ হাজার ৬৯৪ জনের মধ্যে গ্রামীণ এলাকায় কাজ করছেন ১ লাখ ৩৫ হাজার ৩৪৩ জন। অন্যদিকে শহরাঞ্চলে কর্মরত রয়েছেন ৮৬ হাজার ৩৫১ জন। মোট কর্মসংস্থানের ৩৮ দশমিক ৯৫ শতাংশ শহরাঞ্চলে, যা ২০১৩ সালের ১৮ দশমিক ৭১ শতাংশের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।  

প্রতিবেদনে বলা হয়, ভোলার অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখছে সেবা খাত। জেলায় এ খাতের অর্থনৈতিক ইউনিট রয়েছে ১ লাখ ৯ হাজার ২৭৩টি। বিপরীতে শিল্প খাতে রয়েছে ৯ হাজার ৬১৬টি ইউনিট। অর্থাৎ মোট অর্থনৈতিক ইউনিটের ৯১ দশমিক ৯১ শতাংশই সেবা খাতের অন্তর্ভুক্ত। এ খাতে কর্মরত রয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৮৬ জন। বাণিজ্য, পরিবহন, খাদ্যসেবা, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড জেলার অর্থনীতিকে সচল রাখছে।

অর্থনৈতিক শুমারির উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ভোলার সাতটি উপজেলাতেই অর্থনৈতিক কর্মকাণ্ডের বিস্তার রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিক ইউনিট চরফ্যাশনে, ৩০ হাজার ৬৮৫টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভোলা সদর, যেখানে ইউনিটের সংখ্যা ২৯ হাজার ৭১৮টি। এ দুটি উপজেলাতেই জেলার মোট অর্থনৈতিক ইউনিটের ৫০ দশমিক ৮১ শতাংশ অবস্থিত।

সেমিনারে উপস্থাপিত এসব তথ্যের আলোকে জেলার অর্থনৈতিক সম্ভাবনা আরও সম্প্রসারণে ক্ষুদ্র ও পারিবারিক উদ্যোগের প্রসার, সহজ অর্থায়ন, উদ্যোক্তাদের নিবন্ধন সহায়তা, দক্ষতা উন্নয়ন, নারী উদ্যোক্তা সৃষ্টি, বাজারসংযোগ এবং শিল্প বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অর্থনৈতিক শুমারির প্রতিবেদন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মাকসুদুর রহমান। তিনি বলেন, শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের নির্ভুল তালিকা প্রণয়ন এবং নিয়মিত হালনাগাদের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করা জরুরি। এ ছাড়া এন্টারপ্রাইজ ও এস্টাবলিশমেন্টের মধ্যকার ‘Parent-Child Relationship’ চিহ্নিত করার উদ্দেশ্যে মাঠপর্যায়ে স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার জরিপ চলমান রয়েছে। এ জরিপের সফল বাস্তবায়নে ব্যবসায়িক ফোরাম ও সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা কামনা করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!