ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহনে পঞ্চমবারের মতো জামায়াতের আমির হলেন মাওলানা আব্দুল হক

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১১, ২৬ নভেম্বর ২০২৬
লালমোহনে পঞ্চমবারের মতো জামায়াতের আমির হলেন মাওলানা আব্দুল হক
লালমোহন উপজেলার নবনির্বাচিত জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুল হক। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২৮ কার্যকালের জন্য পঞ্চমবারের মতো আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল হক। সম্প্রতি উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলনে পুরুষ ও মহিলা রুকনদের গোপন ব্যালটে ভোটগ্রহণের মাধ্যমে আমির নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে ভোলা জেলা জামায়াতের পক্ষ থেকে জেলার সব উপজেলার নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এতে মাওলানা মো. আব্দুল হক পুনরায় লালমোহন উপজেলা আমির নির্বাচিত হয়েছেন।

এদিকে, ২০২৭-২৮ কার্যকালের জন্য ভোলা জেলা জামায়াতের পুরুষ ও মহিলা শুরা সদস্যদের তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে লালমোহন থেকে পুরুষ শুরা সদস্য হিসেবে মাওলানা আব্দুল হক এবং মহিলা শুরা সদস্য হিসেবে তাসলিমা বেগম নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত আমির মাওলানা মো. আব্দুল হক বলেন, আমার ওপর আস্থা রেখে পুনরায় যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি আমানত হিসেবে গ্রহণ করছি। সংগঠনের আদর্শ, নীতি ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব। দলের সব পর্যায়ের নেতাকর্মী ও রুকনদের সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে চাই। মানুষের কল্যাণে কাজ করা এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। এ দায়িত্ব পালনে আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!