ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
অবরোধকারীদের যা বললেন ওসি, ভিডিও ভাইরাল
মাদারীপুরের রাজৈরে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের দেওয়া বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অবরোধকারীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনারা সাকসেস, আপনাদের যেটা ছিল সেটা হয়ে গেছে।’ এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
রোববার সকালে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় বন্দরের সড়কে দাঁড়িয়ে আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্য দেন রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম। তার পাশে একাধিক মামলার আসামি উজির আহমেদ সাগরসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওসিকে বলতে শোনা যায়, ‘ধন্যবাদ আপনাদের সবাইকে। গতকাল রাত থেকে আপনারা যে কর্মসূচি পালন করেছেন, সেই কর্মসূচিতে কোনো প্রকার সহিংস ঘটনা ঘটাননি। এজন্য আমার পক্ষ থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আপনারা কেউ বলতে পারবেন না যে অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর বাড়িতে আমরা হামলা করেছি বা হয়রানি করেছি। যদি বলতে পারেন, তাহলে সেটা মিথ্যা হবে।’
বক্তব্যে স্থানীয় সংসদ সদস্যের প্রসঙ্গ টেনে ওসি বলেন, ‘আমার এখানকার যে এমপি মহোদয়, উনি কিন্তু বলেছেন যে আমি আওয়ামী লীগের ভোটেই নির্বাচিত। এখানে মাত্র ১০ শতাংশ বা ১৫ শতাংশ লোক ভোটার, আর বাকি সব আওয়ামী লীগের। এখানে আপনারাই কিন্তু তাকে ভোট দিয়েছেন। আর সেই নেতা এখন পর্যন্ত বলেনি যে অমুককে ধরো, তমুককে ধরো। এরকম কথা তিনি এক বছরে বলেনি।’
একপর্যায়ে অবরোধ প্রত্যাহার করে সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান ওসি। তিনি বলেন, ‘যদি কারও মনে কোনো কষ্ট থেকে থাকে, এগুলো ভুলে গিয়ে রাষ্ট্রের এবং আপনাদের সম্পদ রক্ষা করার জন্য আপনারা দয়া করে শান্ত হবেন। রাস্তায় আর অবরোধ করার প্রয়োজন নেই। আপনারা সাকসেস। আপনাদের যেটা ছিল সেটা হয়ে গেছে।’
ওসির বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিশেষ করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরোধ কর্মসূচির মধ্যে একজন থানার ওসির এমন বক্তব্য এবং তাদের উদ্দেশে ‘আপনারা সাকসেস’ বলার বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে মাদারীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ওসির দায়িত্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। কিন্তু তিনি উল্টো মামলার আসামিদের নিয়ে বক্তব্য দিয়েছেন, যা প্রত্যাশিত নয়।
এ সময় ওসির পাশে থাকা উজির আহমেদ সাগরসহ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে জানতে মাদারীপুর পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বক্তব্য দিতে রাজি হননি।