ঢাকা, রোববার ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
কলাপাড়ায় ছাত্রলীগের মশাল মিছিল, বিএনপির ধাওয়ায় আটক ৪
পটুয়াখালীর কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের পর চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
এর আগে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মহিপুর থানার ইউসুফ এলাকায় মশাল মিছিল করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। স্থানীয় সূত্র জানায়, মহিপুর থানা ছাত্রলীগের সভাপতি তামিমের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা এ মিছিল করেন। পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া করে চারজনকে আটক করেন। পরে তাদের মহিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এদিকে মহাসড়কে হঠাৎ মশাল মিছিলের খবর ছড়িয়ে পড়লে শত শত বিএনপি নেতাকর্মী রাজপথে নেমে আসেন। নাশকতা প্রতিরোধ এবং আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে মহিপুর সদর ও সেতু সংলগ্ন এলাকায় অবস্থান নেন তারা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার হুঁশিয়ারি দেন বিএনপি নেতাকর্মীরা।
অন্যদিকে, মহিপুর থানার অদূরে নজীবপুর এলাকায় আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিবুল্লাহ পাটোয়ারীর বসতবাড়িতে একদল দুর্বৃত্ত ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙচুরের সময় এক গৃহবধূর ওপর হামলার অভিযোগও পাওয়া গেছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম হাওলাদার জানান, মিছিলের পর কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চারজনকে আটক করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের আটকে অভিযান চলছে। এ বিষয়ে মহিপুর থানা পুলিশ তৎপর রয়েছে।
তবে বসতবাড়িতে ভাঙচুর ও গৃহবধূর ওপর হামলার কোনো খবর বা অভিযোগ তার কাছে নেই বলে জানান ওসি।