ঢাকা, শনিবার ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
একেবারে আগুন হলেন সূর্যবংশী
দোহায় ২৪ নভেম্বর এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৩ বলে ২০৪ রান করেছেন ভারতের ‘এ’ দলের ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী। তার ইনিংসে ছিল ২৮টি ছক্কা ও ৭টি চার। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত ‘এ’। ৭ উইকেটের জয় পায় দলটি।
সূর্যবংশীর এই ইনিংসে মুগ্ধ পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহজাদ। তার প্রতিভা নিয়ে আগেও প্রশংসা করেছিলেন শেহজাদ। এবার নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক ওপেনার বলেছেন, ‘আমি তোমাদের আগেই বলেছিলাম, বৈভব সূর্যবংশী আগুন, একেবারে আগুন। সে ঝুঁকবে না! অনেকে আমার সমালোচনা করে বলেছিল, সূর্যবংশীকে নিয়ে এত কথা বলছ কেন? সে তো কিছুই করছে না। এখন দেখো, সে কী করেছে।’
শেহজাদ আরও বলেন, ‘আমি বলেছিলাম, এই ছেলেটা ২০০ রান করতে পারবে। আর এখন সে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১০০ ও ২০০ রানের রেকর্ড গড়েছে। সূর্যবংশীর নাম এখন সব জায়গায়। এই ম্যাচ অনেক দিন মনে রাখবে সে। এই ইনিংসের পর তার ক্রিকেট অন্য মাত্রায় চলে যেতে পারে।’
সূর্যবংশীর সেঞ্চুরি এসেছে মাত্র ২৮ বলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে এর আগে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল জেক ফ্রেজার-ম্যাকগার্কের। ২০২৩ সালে তাসমানিয়ার বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ২৯ বলে সেঞ্চুরি করেন। এরপর ৫২ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যবংশী। ভেঙে দেন চ্যাড বোয়েসের ১০৩ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ড। ২০২৪ সালে ওটাগোর বিপক্ষে ক্যান্টারবারির হয়ে রেকর্ডটি গড়েছিলেন বোয়েস।
এক ইনিংসে ২৮ ছক্কাও নতুন বিশ্ব রেকর্ড। এর আগে ২০১৮ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ডি’আর্চি শর্টের মারা ২৩ ছক্কা ছিল সর্বোচ্চ। ভারতের ক্রিকেটে রোহিত শর্মা ও রুতুরাজ গায়কোয়াড়ের ১৬ ছক্কার রেকর্ডও ছাড়িয়ে গেছেন সূর্যবংশী।
শেহজাদ তার ব্যাটিংয়ের কৌশল নিয়েও মুগ্ধতা প্রকাশ করেছেন। তার কথায়, ‘এটা অবিশ্বাস্য। প্রজন্মের সেরা প্রতিভা। ওর ব্যাট সুইং দেখুন। খুব কম ব্যাটসম্যানের এমন ব্যাট সুইং আছে। ওর শরীরের নিচের অংশ বেশ শক্তিশালী। কবজিতে প্রচণ্ড শক্তি। এক জায়গায় দাঁড়িয়েই ছক্কা মারছে। মাঠের সব দিকে ছক্কা মেরেছে।’
আন্তর্জাতিক ক্রিকেটেও অবশ্য সূর্যবংশীর শুরুটা নজরকাড়া। এ বছর আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ভারতের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হয় তার। ভারতের হয়ে এখন পর্যন্ত ১০টি টি-টুয়েন্টি খেলে করেছেন ২৯৫ রান। স্ট্রাইক রেট ১৮৫.৫৩। আছে দুটি হাফ সেঞ্চুরি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ৫০, ১০০, ১৫০ ও ২০০ রানের রেকর্ড এখন তার দখলে। এর মধ্যে ২০২৬ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ১১ বলে ফিফটি করেন।
শেহজাদের আশঙ্কা, এই তরুণ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ছন্দ খুঁজে পেলে প্রতিপক্ষ দলগুলোর জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠবেন। তার ভাষায়, ‘এই ছেলে আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তুলবে। সবাইকে অবাক করে দেবে তার বিধ্বংসী ব্যাটিং দিয়ে। এমন ব্যাটসম্যানকে ব্যাট করতে দেখার আনন্দই আলাদা।’