'উপকূল দিবস'-এর স্বীকৃতি চাই
আজকের বর্তমানই আগামী দিনের ইতিহাস। ইতিহাস মানুষকে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে শেখায়, ভবিষ্যতের পথচলায় সাহস ও সচেতনতা জোগায়। আর বিশেষ কোনো দিবসের মাধ্যমে জাতি তার গুরুত্বপূর্ণ ঘটনা, অর্জন, আত্মত্যাগ ও বেদনাবিধুর স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে। তেমনি একটি গুরুত্বপূর্ণ দিবস হতে পারে ‘উপকূল দিবস’। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম, দাবি ও জনমত গড়ে তোলার পরও দিবসটি এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি।
বাংলাদেশ স্বাধীনতার ৫৫ বছর অতিক্রম করছে। এই দীর্ঘ সময়ে দেশ নানা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছে। মোকাবিলা করেছে দুর্ভিক্ষ, দারিদ্র্য, নেতৃত্বের সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত। জনসংখ্যা বেড়েছে, অর্থনীতির আকার সম্প্রসারিত হয়েছে, কৃষি, শিল্প, মৎস্য, প্রবাসী আয় ও কর্মসংস্থানে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের পথে এগিয়ে চলেছে। এই অগ্রযাত্রায় উপকূলের মানুষের অবদানও অনস্বীকার্য।
দেশের খাদ্যনিরাপত্তা, মৎস্যসম্পদ, কৃষি উৎপাদন, লবণশিল্প, বনজ সম্পদ, পর্যটন, নৌপরিবহন এবং বৈদেশিক বাণিজ্যের সঙ্গে উপকূলের সম্পর্ক অত্যন্ত নিবিড়। বিশেষ করে সামুদ্রিক মৎস্যসম্পদ ও চিংড়ি উৎপাদন দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ জাতীয় অর্থনীতিতে এত বড় অবদান রাখার পরও উপকূলের শ্রমজীবী মানুষ, জেলে, কৃষক, লবণচাষি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনসংগ্রাম জাতীয় নীতিনির্ধারণ এবং গণমাধ্যমে যথাযথ গুরুত্ব পায় না।
বাংলাদেশের প্রায় ৭১০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চল দেশের অর্থনীতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রায় পাঁচ কোটি মানুষের জীবন-জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকূলের সঙ্গে সম্পর্কিত। এসব মানুষের জীবিকার প্রধান উৎস মাছ ধরা, কৃষিকাজ, চিংড়ি চাষ, লবণ উৎপাদন, বনজ সম্পদ আহরণ, স্থানীয় পরিবহন ও ক্ষুদ্র ব্যবসা।
কিন্তু উপকূলের মানুষের জীবন মোটেও সহজ নয়। প্রতিনিয়ত তাদের মোকাবিলা করতে হয় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন, লবণাক্ততা, নদী ও খালের নাব্যতা সংকট, জলাবদ্ধতা, ভাঙন, সুপেয় পানির সংকট এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব। এসবের সঙ্গে যুক্ত হয়েছে মানবসৃষ্ট নানা সংকট। কোথাও নদীভাঙনে বসতভিটা হারাচ্ছে মানুষ, কোথাও লবণাক্ততায় নষ্ট হচ্ছে কৃষিজমি, আবার কোথাও জলাবদ্ধতার কারণে বছরের পর বছর ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
১২ নভেম্বর উপকূলের ইতিহাসে এক বেদনাবিধুর দিন:
১৯৭০ সালের ১২ নভেম্বর বাংলাদেশের উপকূলীয় জনপদের ইতিহাসে এক ভয়াবহ ও বেদনাবিধুর দিন। ওই দিন প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ইতিহাসে এটি ‘ভোলা ঘূর্ণিঝড়’ নামে পরিচিত। বিশ্বের ইতিহাসে প্রাণহানির দিক থেকে এটি অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। বিভিন্ন হিসাব অনুযায়ী, এ দুর্যোগে প্রায় পাঁচ লাখ মানুষের প্রাণহানি ঘটে।
ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে সৃষ্টি হয়ে ক্রমেই শক্তিশালী হয়ে ওঠে। ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার বেগের বাতাস এবং ভয়াবহ জলোচ্ছ্বাসে উপকূলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়। বাড়িঘর, ফসলের মাঠ, গবাদিপশু, মাছের ঘের ও জনবসতি পানির স্রোতে ভেসে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভোলার তজুমদ্দিনসহ দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। তজুমদ্দিনে বিপুলসংখ্যক মানুষের মৃত্যু হয়েছিল, যা একটি জনপদের ইতিহাসে ভয়াবহতম মানবিক বিপর্যয়ের উদাহরণ।
সেদিনের সেই মৃত্যু, স্বজন হারানোর বেদনা, ঘরবাড়ি হারানোর আর্তনাদ এবং সর্বস্বান্ত মানুষের দীর্ঘশ্বাস আজও উপকূলের মানুষের স্মৃতিতে বেঁচে আছে। কিন্তু নতুন প্রজন্মের অনেকেই জানে না ১২ নভেম্বরের সেই ভয়াবহ ইতিহাস। রাষ্ট্রীয়ভাবে দিনটি স্মরণ করা হলে নতুন প্রজন্ম জানতে পারবে, উপকূলের মানুষ কত বড় দুর্যোগের মধ্য দিয়ে আজকের বাংলাদেশে অবদান রেখে চলেছে।
ঘূর্ণিঝড়ের নাম বদলায়, দুর্যোগের ক্ষত থেকে যায়:
১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের পরও উপকূলের মানুষের দুর্যোগ যেন থেমে থাকেনি। একের পর এক ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাস আঘাত হেনেছে এই জনপদে।
১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, ২০০৭ সালের সিডর, ২০০৯ সালের আইলা, ২০১৩ সালের মহাসেন, ২০১৬ সালের রোয়ানু, ২০১৭ সালের মোরা, ২০১৯ সালের ফণী ও বুলবুল, ২০২০ সালের আম্পান, ২০২১ সালের ইয়াস, ২০২২ সালের সিত্রাং এবং ২০২৩ সালের মোখা উপকূলের মানুষের জীবন ও জীবিকায় গভীর ক্ষত তৈরি করেছে।
এরপর ২০২৪ সালের ২৬ মে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এর প্রভাবে জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, বাঁধ ভাঙন, জলাবদ্ধতা ও কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একই বছর জুনে সিলেট-সুনামগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চলে বন্যা এবং আগস্টে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, মৌলভীবাজারসহ ১১টি জেলায় ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, আগস্টের ওই বন্যায় প্রায় ৫৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
২০২৫ সালেও মৌসুমি বৃষ্টিপাত ও উজানের পানির ঢলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, নোয়াখালী, ভোলা, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটিসহ বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। বিশেষ করে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় কৃষি, মৎস্যসম্পদ ও মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়।
২০২৬ সালেও উপকূল ও পার্বত্য অঞ্চলের মানুষ দুর্যোগের বাইরে থাকতে পারেনি। জুলাই মাসে ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও পাহাড়ধসে কক্সবাজারসহ দেশের সাতটি জেলার বিস্তীর্ণ জনপদ ক্ষতিগ্রস্ত হয়। জাতিসংঘের ২৩ জুলাই ২০২৬-এর পরিস্থিতি প্রতিবেদনে সাত জেলায় প্রায় ১২ লাখ ৮০ হাজার মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উঠে আসে। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, কৃষিজমি, মৎস্যসম্পদ, যোগাযোগব্যবস্থা ও সুপেয় পানির উৎস।
এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, বন্যার ঘটনাগুলোর সবগুলোর আলাদা আন্তর্জাতিক নাম থাকে না। তাই অঞ্চল ও সময় অনুযায়ী সিলেটের বন্যা, উত্তর-পূর্বাঞ্চলের বন্যা, পূর্বাঞ্চলের আকস্মিক বন্যা কিংবা ২০২৬ সালের আকস্মিক বন্যা ও পাহাড়ধস হিসেবে এসব দুর্যোগ পরিচিত।
প্রতিটি দুর্যোগের পর ত্রাণ, পুনর্বাসন ও ক্ষয়ক্ষতির হিসাব হয়। কিছুদিন গণমাধ্যমে উপকূলের মানুষের দুর্দশার খবর প্রকাশিত হয়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হলে উপকূল আবারও আড়ালে চলে যায়। অথচ দুর্যোগ চলে গেলেও মানুষের ক্ষত, ঋণের বোঝা, জীবিকা হারানোর বেদনা এবং পুনর্বাসনের সংকট থেকে যায় বছরের পর বছর।
কেন প্রয়োজন ‘উপকূল দিবস’?:
আমার প্রশ্ন, বাংলাদেশে এত দিবস থাকতে উপকূলের জন্য একটি দিবস থাকবে না কেন? যে অঞ্চলের মানুষ দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, মৎস্যসম্পদ, কৃষি ও বৈদেশিক আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, সেই অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম ও দুর্যোগের ইতিহাস স্মরণে একটি জাতীয় দিবস থাকা কি অযৌক্তিক?
উপকূল অঞ্চলে আমার জন্ম। উপকূল নিয়েই ভাবি, উপকূলের মানুষের জীবনসংগ্রাম ও সম্ভাবনা নিয়ে কাজ করি। সাংবাদিকতার মাধ্যমে প্রতিদিন উপকূলের নানা সমস্যা, সম্ভাবনা ও দুর্যোগের চিত্র তুলে ধরার চেষ্টা করি। কিন্তু শুধু সংবাদ প্রকাশ করলেই কি উপকূলের মানুষের দীর্ঘদিনের সংকটের সমাধান হবে?
একটি নির্দিষ্ট দিবস থাকলে অন্তত বছরে একটি দিন রাষ্ট্র, সরকার, প্রশাসন, গণমাধ্যম, গবেষক, উন্নয়নকর্মী এবং সাধারণ মানুষ একযোগে উপকূলের কথা বলার সুযোগ পাবে। উপকূলের সমস্যা, সম্ভাবনা, দুর্যোগ, পরিবেশ, জীববৈচিত্র্য, অর্থনীতি ও মানুষের অধিকার নিয়ে জাতীয় পর্যায়ে আলোচনা হবে।
উপকূল দিবস পালনের মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আনা সম্ভব। যেমন:
১. ১৯৭০ সালের ১২ নভেম্বরের ভয়াবহ ঘূর্ণিঝড়সহ অতীতের সব বড় দুর্যোগে নিহতদের স্মরণ।
২. উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবি জোরালো করা।
৩. ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি।
৪. উপকূলের কৃষি, মৎস্য, লবণশিল্প, পর্যটন ও সম্ভাবনাময় অর্থনৈতিক খাতকে গুরুত্ব দেওয়া।
৫. টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ও নিরাপদ বসবাস নিশ্চিত করার দাবি তুলে ধরা।
৬. উপকূলের তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
৭. জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও বাজেটে উপকূলের জন্য বিশেষ গুরুত্ব নিশ্চিত করা।
দীর্ঘদিনের আন্দোলন, এখন রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষা:
আমার দীর্ঘ বছর ধরে উপকূল নিয়ে ভাবনা ছিল, উপকূলের দুঃখদুর্দশার নিয়ে ভেবেছি, লেখালেখি করেছি। ২০১৭ সাল থেকে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবিতে বিভিন্ন সংগঠন, সাংবাদিক, উন্নয়নকর্মী, পরিবেশকর্মী ও উপকূলের সচেতন মানুষ আন্দোলন করে আসছেন।
উপকূল বাংলাদেশ ফাউন্ডেশন, কোস্টাল জার্নালিস্ট ফোরাম, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক, আলোকযাত্রা, নৌ-সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন, কোস্টাল ডেভেলপমেন্ট ফোরামসহ বিভিন্ন সংগঠন এ দাবির পক্ষে কাজ করছে।
প্রায় ১০০টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘উপকূল দিবস বাস্তবায়ন কমিটি’ দীর্ঘদিন ধরে দিবসটির স্বীকৃতির জন্য কাজ করে যাচ্ছে। এর সংখ্যা দিন দিন বাড়ছে। ইতোমধ্যে জাতীয়, স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে এ দাবি আলোচিত হয়েছে।
উপকূলের বিভিন্ন জেলা ও উপজেলায় দিবসটি পালনের পক্ষে সামাজিক জনমত তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে আলোচনা সভা, মানববন্ধন, র্যালি, স্মরণসভা ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে। এ আন্দোলন কোনো ব্যক্তি বা সংগঠনের স্বার্থে নয়। এটি উপকূলের প্রায় পাঁচ কোটি মানুষের জীবন, জীবিকা, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে একটি যৌক্তিক দাবি।
একটি দিবস মানে শুধু আনন্দ-উৎসব, আনুষ্ঠানিকতা কিংবা নির্দিষ্ট তারিখে কোনো কর্মসূচি পালন করা নয়। একটি দিবসের পেছনে থাকে ইতিহাস, ঐতিহ্য, আত্মত্যাগ, অর্জন, বেদনা, সচেতনতা ও ভবিষ্যতের অঙ্গীকার। দিবস পালনের মধ্য দিয়ে একটি জাতি তার অতীতকে স্মরণ করে, বর্তমানকে মূল্যায়ন করে এবং ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করে। কোনো জনগোষ্ঠীর অবদান, অধিকার, সমস্যা ও সম্ভাবনাকে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে গুরুত্ব দেওয়ার অন্যতম মাধ্যমও একটি দিবস।
সেই বিবেচনায় ১২ নভেম্বর ‘উপকূল দিবস’ শুধু একটি দিবসের দাবি নয়; এটি উপকূলের ইতিহাস সংরক্ষণ, দুর্যোগে নিহত মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা, পাঁচ কোটি মানুষের জীবন-জীবিকা ও অধিকার প্রতিষ্ঠা এবং উপকূলের টেকসই উন্নয়নের একটি জাতীয় অঙ্গীকার।
উপকূল বাঁচলে বাংলাদেশ বাঁচবে:
বাংলাদেশ এখন আর পিছিয়ে পড়া কোনো দেশ নয়। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রায় উপকূলের মানুষের অবদান অস্বীকার করার সুযোগ নেই। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকির মুখে রয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি ও জলাবদ্ধতা উপকূলের মানুষের অস্তিত্বকে প্রতিনিয়ত হুমকির মুখে ফেলছে। ফলে শুধু দুর্যোগের সময় ত্রাণ বিতরণ নয়, বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনা, টেকসই অবকাঠামো, পরিবেশ সুরক্ষা, কর্মসংস্থান ও মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা, গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উপকূলকে শুধু দুর্যোগের জনপদ হিসেবে নয়, বরং সম্ভাবনাময় অর্থনৈতিক অঞ্চল হিসেবে বিবেচনা করতে হবে।
পরিশেষে বলতে চাই, ১২ নভেম্বর শুধু একটি তারিখ নয়; এটি উপকূলের মানুষের বেঁচে থাকার সংগ্রাম, স্বজন হারানোর বেদনা, দুর্যোগের বিরুদ্ধে লড়াই এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর ইতিহাস। ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহত লাখো মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং ভবিষ্যৎ প্রজন্মকে উপকূলের ইতিহাস জানানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই সরকারের কাছে জোরালো দাবি, ১২ নভেম্বরকে রাষ্ট্রীয়ভাবে ‘উপকূল দিবস’ ঘোষণা করা হোক।
দিবসটি শুধু স্মরণ বা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে উপকূল সুরক্ষা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়নের অঙ্গীকারের দিন হিসেবে পালন করা হোক।
আসুন, দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাই মিলে উপকূলের মানুষের পাশে দাঁড়াই। উপকূলের ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও সংকটকে জাতীয় উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রে নিয়ে আসি। আমাদের দাবি একটাই—১২ নভেম্বর হোক ‘উপকূল দিবস’।
লেখক: শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক কলাম লেখক ও গবেষক।